শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে শিলিগুড়ির তৃণমূল (TMC) নেতা দেবাশিস দে-কে গ্রেপ্তার করল শিলিগুড়ি (Siliguri) থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আপত্তিকর পোস্ট করেন দেবাশিস দে। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ওই পোস্ট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সময় সোমবার দেবাশিস দে-র ওই পোস্ট নজরে আসে। পুলিশের দাবি, পোস্টটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বা উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
এরপর গভীর রাতে শিলিগুড়ি থানার একটি দল মিলনপল্লীতে দেবাশিস দে-র বাড়িতে যায়। পুলিশ সূত্রের দাবি, পোস্টটি মুছে দেওয়ার জন্য তাঁকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা করতে অস্বীকার করেন। সেই সময় পুলিশের সঙ্গে তিনি দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ।
এরপর মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari) নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শিলিগুড়ি থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৩টা ২৫ মিনিট নাগাদ মিলনপল্লীর বাড়ি থেকেই দেবাশিস দে-কে গ্রেপ্তার করা হয়।
তবে বিতর্ক যাতে আরও না বাড়ে, সেই কারণে মুছে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের ছবি সংবাদমাধ্যমের হাতে দিতে অস্বীকার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত তৃণমূল নেতাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

