শিলিগুড়ি: কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের উদ্যোগে রাষ্ট্রপতির থেকে ন্যাশনাল সার্ভিস স্কিমে (এনএসএস) পুরস্কার পেলেন শিলিগুড়ির অনুপ বিশ্বাস। ২০২০ সালে শিলিগুড়ির(Siliguri) সূর্যসেন কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এনএসএসের সঙ্গে যুক্ত শিলিগুড়ির বিনয় মোড়ের বাসিন্দা অনুপ বিশ্বাস। ছোটবেলা থেকেই সমাজের দুঃখ-কষ্টের জন্য মন কাঁদত অনুপের। অনুপের বাবা অমল বিশ্বাস পেশায় কাপড় ব্যবসায়ী। কলেজের প্রথম সেমিস্টার থেকেই অনুপ এনএসএসের ২ নম্বর ইউনিটের সঙ্গে যুক্ত, এমনটাই জানালেন ইউনিটের প্রোগ্রাম অফিসার ববিতা প্রসাদ। যিনি নিজেও ২০২৩ সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দেশে এনএসএসের সঙ্গে যুক্ত মোট ৪০ জনের হাতে এদিন রাষ্ট্রপতি পুরষ্কার তুলে দেওয়া হয়। যাঁদের মধ্যে ৩০ জন ছিলেন ভলান্টিয়ার এবং ১০ জন ছিলেন প্রোগ্রাম অফিসার। এছাড়া সামগ্রিক ভাবে দেশের ১০টি ইউনিটকে পুরষ্কৃত করা হয়। অনুপ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে এই পুরষ্কার পেয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজের সৌভিক চট্টোপাধ্যায়। তবে শিলিগুড়ির(Siliguri) সূর্য সেন কলেজ এই নিয়ে পরপর তিনবার রাষ্ট্রপতি পুরষ্কার পেলো। সোমবার পুরষ্কার দেওয়া হয় ২০২২-২৩ মূল্যায়ণ বর্ষের জন্য। অনুপ সূর্য সেন কলেজ থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগে স্নাতক সম্পূর্ণ করেছে। অনুপের এই সাফল্যে অত্যন্ত খুশি কলেজের অধ্যক্ষ প্রণব কুমার মিশ্রা। তিনি বলেন, ‘আমাদের কলেজ অনুপের মতো দক্ষ সমাজসেবক তৈরি করতে আগামী দিন গুলিতও প্রস্তুত থাকবে।’
