উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরাকাটায় খগেন মুর্মু ও শংকর ঘোষের উপর হামলার কঠোর ভাষায় নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার রাতেই নিজের এক্স হ্যান্ডল অ্যাকাউন্টে মোদি লেখেন, ‘যেভাবে আমাদের দলের সহকর্মীরা যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।’
যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।
আমার…
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
এদিন উত্তরবঙ্গে এসে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, প্রতি মুহূর্তের রিপোর্ট প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হচ্ছে। ঘটনার ঠিক পরপরই দলের কেন্দ্রীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সাংবাদিক সম্মেলন করে ত্রাণ দিতে গিয়ে ‘তৃণমূলের দুষ্কৃতী’দের হাতে বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার কঠোর নিন্দা করে বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই!’ তবে তৃণমূল এই ঘটনার সঙ্গে নিজেদেরকে জড়াতে নারাজ। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, জনরোষের কারণে এই ঘটনা ঘটেছে।
