অনিকেত রায়, শিলিগুড়ি : পথকুকুরদের নিয়ে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায়ে দেশজুড়ে কম হইচই হয়নি। পরে আদালত সেই রায় সংশোধন করে। সোমবার কালীপুজোর দিন পালিত ‘কুকুর তিহার’–এ সবাইকে সানন্দে শামিল হতে দেখে কুকুরপ্রেমীরা আশায় বুক বাঁধলেন। এটি মূলত নেপালিদের উৎসব। তবে আজকাল অন্য সম্প্রদায়ের অনেকেও এতে শামিল হন।
যে কুকুরদের কেন্দ্র করে এদিনের উৎসবের আয়োজন করা হয়েছিল, শান্তিজল ছিটিয়ে এদিন তাদের শুদ্ধ করে নেওয়া হয়েছিল। এরপর তাদের লাল ও হলুদ রংয়ের টিপ পরিয়ে দেওয়া হয়। পৈতার মতো করে যজংকা নামের একটি সুতো এরপর প্রাণীগুলির গায়ে বেঁধে দেওয়া হয়। ফুলের মালাও পরানো হয়। রাস্তাঘাটে অনেককেই মাঝেমধ্যে কুকুরদের বিরুদ্ধে অমানবিক আচরণ করতে দেখা যায়। এদিনটি কিন্তু অন্য ছবি দেখল। অনেককেই এদিন কুকুরদের পা ছঁুয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। নেপালি সম্প্রদায়ভুক্তরা এদিন বাড়ির পোষ্যদের পুজো করার পাশাপাশি পথকুকুরদেরও পুজো করেন। দীপঙ্কর আরোরার মতো অনেকে এদিন এই উৎসব পালন করেছেন।
ভানুভক্ত সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ লামা বললেন, ‘কাক ও কুকুর দেবী লক্ষ্মীর আশীর্বাদধন্য বলে অনেকেই মনে করেন। তাই নেপালিদের পাঁচদিনব্যাপী তিহার উৎসবে এদের পুজো করা হয়।’ এদের পুজোয় সংসারে ধন সমাগম হয় বলেই অনেকের বিশ্বাস। পশুপ্রেমী দীপায়ন সেন বললেন, ‘এ ধরনের উৎসব কুকুরদের প্রতি মানুষকে আরও সহানুভূতিশীল করে তুললেই ভালো।’
