শিবশংকর সূত্রধর, কোচবিহার : আট বছর আগে নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচিয়েছিলেন কোচবিহারের জয়কৃষ্ণ সরকার। ভাগ্যের পরিহাসে ছেলে স্নেহাশিসের দুটি কিডনি ফের বিকল হয়ে গিয়েছে। সেই কিডনি প্রতিস্থাপনের জন্য এখন প্রয়োজন প্রায় ২৫ লক্ষ টাকা। ইলেক্ট্রিক মিস্ত্রি জয়কৃষ্ণর শেষ সম্বল তাঁর দোকানটিও বিক্রি করে দিয়েছেন। এখনও ছেলের চিকিৎসার জন্য বহু টাকার দরকার। ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে ঘুরছেন সরকার দম্পতি।
কোচবিহার শহর লাগোয়া রাজারহাটের বাসিন্দা স্নেহাশিস সরকারের প্রথমবার কিডনির অসুখ ধরা পরে ২০১৬ সালে। কলকাতায় চিকিৎসা করার পর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের কথা বলেন। ২০১৭ সালে নিজেই ছেলেকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা জয়কৃষ্ণ। তিনি বলেছেন, ‘ছেলেকে কিডনি দেওয়ার পর ভেবেছিলাম সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু কয়েকবছর যেতে না যেতেই ফের সমস্যা শুরু হয়। এখন ছেলের দুটি কিডনিই বিকল। নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছে। এত টাকা ব্যবস্থা কোথা থেকে করব কিছুই বুঝে উঠতে পারছি না।’ তাঁর সংযোজন, ‘২০১৭ সালে জমি বিক্রি করে ও সকলের থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ছেলের চিকিৎসা করিয়েছিলাম। এখন ছেলেকে বাঁচাতে আবার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি।’
২৫ বছরের স্নেহাশিস এলাকায় সংগীতশিল্পী হিসেবে পরিচিত। কিন্তু এই সমস্যা তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত এপ্রিলে কলকাতায় চিকিৎসা করাতে গিয়েই দেখা যায় স্নেহাশিসের দুটো কিডনি ফের বিকল হয়ে গিয়েছে। এরপরই মাথায় বাজ ভেঙে পড়ে সরকার পরিবারের। একমাত্র ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন স্নেহাশিসের মা মিতালী সরকার। তাঁর বক্তব্য, ‘সরকারি, বেসরকারি, রাজনৈতিক নেতা প্রত্যেকের কাছেই সাহায্যের আবেদন নিয়ে পৌঁছেছি। অনেকেই সাহায্য করছেন। আমার বিশ্বাস সকলের সহযোগিতায় ছেলেকে সুস্থ করে তুলতে পারব।’ অসুস্থ স্নেহাশিস সরকারকে সহযোগিতার জন্য যোগাযোগ করা যেতে পারে ৯৭৩৩২৮১০৬৬ নম্বরে।
