উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘আচরণ সংযত না করলে নির্মূল করে দেব’, গাজা চুক্তি নিয়ে হামাসকে এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছরের বেশি সময় ধরে চলা হামাস-ইজরায়েল যুদ্ধের অবসান হয়েছে সম্প্রতি। দুই পক্ষই শান্তি চুক্তিতে রাজি হয়েছে। কিন্তু সংঘর্ষবিরতির পরও দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা হামাসের সঙ্গে একটি চুক্তি করেছি। আশা করি, তারা সংযত আচরণ করবে। আর যদি তারা সেটা না করে, তাহলে আমরা তাদের নির্মূল করব।’ হামাস প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (হামাস) খুব হিংস্র লোকজন। বরাবরই খুব হিংস্র। কিন্তু এখন আর ইরানের সমর্থন নেই তাদের পিছনে। এবার ওদের শুধরে যেতে হবে।’
গাজায় শান্তি চুক্তি ঠিকঠাক কার্যকর হচ্ছে কি না, তা দেখার জন্য সোমবারই পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে আমেরিকার এক প্রতিনিধিদল। মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও যাচ্ছেন ইজরায়েলে। সার্বিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এই পরিস্থিতিতে হামাসের উদ্দেশে ট্রাম্পের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
