উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর, মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হলেন রথীন্দ্র বসু। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রথীন্দ্র বসু জানান, প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রেরণাদায়ী বক্তব্য এবং মূল্যবান উপদেশ তাঁর আগামী দিনের পথচলায় বড় পাথেয় হয়ে থাকবে। সাক্ষাৎকারের সময় তিনি প্রধানমন্ত্রীকে কোচবিহারের ঐতিহ্যবাহী কুলদেবতা শ্রীশ্রী মদনমোহন জিউর একটি সুদৃশ্য মূর্তি এবং উত্তরবঙ্গের অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। মোদিও তাঁর এই উপহার সাদরে গ্রহণ করেন এবং রথীন্দ্রবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর পাশাপাশি, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র (Amit Shah) সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নবনিযুক্ত অধ্যক্ষ। সেখানেও তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কথাবার্তা ও সৌজন্য বিনিময় হয়। দায়িত্ব নেওয়ার পর দেশের শীর্ষ দুই নেতৃত্বের সঙ্গে রথীন্দ্র বসুর এই সাক্ষাৎ রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
