উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেবল ধর্নামঞ্চে সীমাবদ্ধ না থেকে এবার বিচার চাইতে শিলিগুড়ির (Siliguri) অলিগলিতে নামার হুঁশিয়ারি দিলেন স্থানীয় বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। বৃহস্পতিবার নিজের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শনিবার থেকে শিলিগুড়ি বিধানসভার অন্তর্গত ৩৩টি ওয়ার্ডেই ঘুরবেন তিনি। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে রাত কাটিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন এই বিজেপি নেতা।
গত ৫০ ঘণ্টা ধরে শিলিগুড়িতে নাবালিকা মৃত্যুর বিচার এবং মূল অভিযুক্ত গৃহশিক্ষকের গ্রেফতারির দাবিতে ধর্নায় বসে রয়েছেন শঙ্কর ঘোষ। তবে বৃহস্পতিবার তিনি তাঁর আন্দোলনের ধরনে পরিবর্তনের ইঙ্গিত দেন।
- শনিবারের পরিকল্পনা: রামনবমীর পরের দিন, অর্থাৎ শনিবার থেকে তিনি পাড়ায় পাড়ায় গিয়ে এই ঘটনার নৃশংসতা এবং প্রশাসনের ব্যর্থতা সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।
- ওয়ার্ডে অবস্থান: বিধায়ক জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে সেখানে রাত কাটিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।
এদিন সংবাদিক বৈঠকে পুলিশ ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শঙ্কর ঘোষ। তিনি অভিযোগ করেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং প্রান্তিক অঞ্চল থেকে আসায় পুলিশ এই মামলাটিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। প্রশাসনের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন: ‘তৃণমূলের কথায় চলা পুলিশ আজ যাদের বাঁচাচ্ছে, ২০২৬ সালের ৪ মে তৃণমূল সরকারের বিসর্জনের পর প্রত্যেকের ভূমিকা নিয়েই আলোচনা হবে৷’
শিলিগুড়িতে নাবালিকা মৃত্যুর ঘটনায় তিন দিন অতিবাহিত হলেও মূল অভিযুক্ত গৃহশিক্ষক এখনো পুলিশের নাগালের বাইরে। যদিও ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিযুক্তের মাকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু মূল অপরাধী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে শহরজুড়ে। শঙ্করের দাবি, যতক্ষণ না প্রধান অভিযুক্ত শ্রীঘরে যাচ্ছে, ততক্ষণ তাঁর এই লড়াই থামবে না।
