Siddiqullah Chowdhury Kumarganj | এসআইআর ও ওয়াকফ ইস্যুতে কেন্দ্রকে তীব্র নিশানা সিদ্দিকুল্লাহর, কুমারগঞ্জে জমিয়তের প্রতিনিধি সভায় ভিড়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কুমারগঞ্জ: এসআইআর প্রক্রিয়ায় মুসলিমদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া এবং ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট মামলাগুলি আটকে রাখার মারাত্মক অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র নিশানা করলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury Kumarganj)। শনিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সাহাপুকুর এলাকার একটি মাদ্রাসা-মসজিদ প্রাঙ্গণে সংগঠনের প্রতিনিধি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই হুঙ্কার দেন তিনি। পাশাপাশি কেন্দ্রের ওয়াকফ সম্পত্তি নীতি ও দখলের চেষ্টার বিরুদ্ধেও সোচ্চার হন সিদ্দিকুল্লাহ।

তিনি বলেন, “যোগ্য মুসলিমদের অধিকার রক্ষায় জমিয়তে উলামায়ে হিন্দ সবরকম আইনি সহায়তা প্রদান করবে।” এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রতিটি ধাপে আইনগতভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি। অধিকার আদায়ে হুঁশিয়ারি দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন, “সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করতে হবে।” এই ইস্যুতে আগামীতে কলকাতায় টানা তিনদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানান তিনি। এমনকি রাজ্য প্রশাসন বা পুলিশ এই অবস্থানের অনুমতি না দিলে আইনি লড়াই লড়তে কোর্টের দরজায় উপস্থিত হবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন জমিয়ত রাজ্য সভাপতি।

এদিন সকাল থেকেই কুমারগঞ্জের সাহাপুকুরের সভাস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। দুপুরের মধ্যেই হাজার হাজার সমর্থক ও স্থানীয় বাসিন্দা সভাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সভায় এসআইআর, মুসলিমদের নাগরিক অধিকার এবং ওয়াকফ সম্পত্তি রক্ষার নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্বারী জয়নাল আবেদিন। আইনি ব্যাখ্যা ও সহায়তার রূপরেখা তুলে ধরতে সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের দুইজন বিশিষ্ট আইনজীবীও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *