উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের মাঝেও রেহাই পেল না ব্যাংকের সম্পত্তি। নেপালে ভয়াবহ হড়পায় (Nepal Flash Flood) ভেসে আসা একটি ব্যাংকের লকার (Financial institution Protected) ভেঙে বিপুল পরিমাণ নগদ টাকা লুট করল স্থানীয়রা। ত্রিশূলী নদীর (Trishuli River) খরস্রোতে ভেসে আসা লকারটি ভেঙে প্রায় ৯২ লক্ষ নেপালি টাকা (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৮ লক্ষ টাকা) হাতিয়ে নেওয়ার অভিযোগে ২৯ জন স্থানীয় বাসিন্দাকে আটক (Detained) করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বন্যার জেরে রাসুয়া জেলা থেকে একটি ব্যাংকের লকার ভেসে এসে ধাদিং জেলার বেলখুখোলা সংলগ্ন ত্রিশূলী নদীর তীরে আটকে পড়ে। নদীর চরে সেটি দেখতে পেয়েই ভেঙে ফেলা হয়। খবর পেয়ে ধাদিং জেলার পুলিশ এবং সশস্ত্র পুলিশ ফোর্সের (এপিএফ) একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দাদের একাংশ ভারী সরঞ্জাম দিয়ে লকার ভেঙে বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেয়।
এরপরই চিরুনি তল্লাশি চালিয়ে ১৯ থেকে ৪৯ বছর বয়সি মোট ২৯ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। তবে ভেসে আসা ওই লকারটিতে ঠিক কত টাকা ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই বিপুল পরিমাণ নগদের মূল মালিক কে এবং উদ্ধার হওয়া অর্থ বাদেও আরও টাকা অন্য কেউ সরিয়ে ফেলেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নেপালের এই বিপর্যয়ের মাঝেই সামনে এসেছে অন্য একটি অমানবিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, নারায়ণী নদীতে ভেসে উঠেছে এক মহিলার মৃতদেহ। আর ওই মৃতদেহের কানের থেকে সোনার দুল খুলে নিচ্ছে দুই তরুণ। ইতিমধ্যেই ভিডিওটি দেখে ওই দুই তরুণকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নেপাল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৬। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন ২৪০০-রও বেশি মানুষ।

