উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইনি বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পা শেট্টি (Shilpa Shetty), রাজ কুন্দ্রা (Raj Kundra)-র জীবনে। ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় কয়েকদিন আগেই বম্বে হাইকোর্টে (Bombay Excessive Courtroom) ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তারকাদম্পতিকে। এবার আদালতের তরফে বিদেশ ভ্রমণেরও অনুমতি মেলেনি। ফলে বিদেশ ট্যুর বাতিল করলেন শিল্পা।
চলতি বছর অগাস্টে তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার (60 Crore Fraud Case) অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক এক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলায় গত সেপ্টেম্বর মাসেই শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে মুম্বই পুলিশ। ফলে, ইচ্ছেমতো তাঁদের দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের। সেই লুকআউট নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে পালটা বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ-শিল্পা। কিন্তু তাঁদের আবেদন পত্রপাঠ নাকচ করে দিয়েছে আদালত। পালটা জানানো হয়, ‘আগে ষাট কোটি টাকা মেটাতে হবে, তারপর বিদেশে যাওয়া যাবে।’ সংশ্লিষ্ট মামলায় দু’বার শুনানি হলেও সিদ্ধান্তে অনড় আদালত। ফলে আইনি জটে পড়ে বিদেশ ভ্রমণ বাতিল করলেন শিল্পা শেট্টি।
প্রসঙ্গত, এর আগের শুনানিতে শিল্পা আদালতে জানিয়েছিলেন, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তাঁর কোনোরকম সম্পর্ক নেই। তিনি সংস্থার নির্বাচিত ডিরেক্টর মাত্র। এপ্রসঙ্গে আদালত পালটা বলে, ‘বিদেশ যেতে চাইলে, স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।’
