জলপাইগুড়ি: চোখে জল নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (SFI Chief Srijan Bhattacharya)। তবে তাঁর এই কান্নায় সামান্যতম সহানুভূতি না দেখিয়ে একে সরাসরি ‘কুম্ভীরাশ্রু’ বলে তীব্র কটাক্ষ করলেন ভারতের ছাত্র ফেডারেশনের (SFI) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। বুধবার একটি দলীয় কর্মসূচি ও ছাত্র সমাবেশে যোগ দিতে জলপাইগুড়িতে এসে এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীরকে এভাবেই আক্রমণ করেন এসএফআই নেতা।
সম্প্রতি রেজিনগরে ভোটের নামে প্রহসন হয়েছে—এই অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন হুমায়ুন কবীর। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, শুভেন্দু যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন তিনি বিধানসভায় যাবেন না। এই কথা বলতে বলতেই সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন একসময়ে কড়া মেজাজের নেতা হিসেবে পরিচিত হুমায়ুন।
হুমায়ুনের এই কান্না প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে সৃজন ভট্টাচার্য বলেন, এই চোখের জলের সঙ্গে গণতন্ত্র বা জনগণের প্রতি কোনো ভালোবাসার চিহ্নমাত্র নেই, এটি পুরোপুরি ‘কুম্ভীরাশ্রু’। সৃজনের আরও অভিযোগ, বিভিন্ন সময়ে নানা উসকানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করে প্রকারান্তরে বিজেপিকেই সুবিধা করে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে যাতে সরাসরি লড়াইয়ের ময়দানে নামতে না হয়, তার জন্যই ভোটের দিন সকালেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি নিজের মতো করে ‘গ্যারেজ’ হয়ে গেলেন। রাজনৈতিক মহলে সৃজনের এই মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
The submit SFI Leader Srijan Bhattacharya | জলপাইগুড়িতে এসএফআই নেতার তোপ; হুমায়ুনের কান্নাকে লোকদেখানো বলে আক্রমণ সৃজন ভট্টাচার্যের appeared first on Uttarbanga Sambad.
