উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলা কেন্দ্র করে তুলকালাম কাণ্ডে (Camac Road Billboard Row) এবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brien) তলব করল কলকাতা পুলিশ। রবিবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডে তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে গিয়ে শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা নোটিশ দিয়ে আসেন (Police Summons)। আগামীকাল অর্থাৎ সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে পুরসভার আধিকারিকরা বেআইনি বিলবোর্ড সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুরসভা ও পুলিশের আধিকারিকদের সরকারি কাজে বাধা দেওয়া হয় এবং ধস্তাধস্তি শুরু হয়। এক পুলিশ আধিকারিকের কলার ধরে মারধর ও মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টা সহ একাধিক অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানার সার্জেন্ট ও পুরসভার লিখিত অভিযোগে ৩টি এফআইআর দায়ের করেছে শেক্সপিয়র সরণি থানা। ঘটনার দিন ওই অফিসে ডেরেক স্বয়ং উপস্থিত ছিলেন বলেই এই জিজ্ঞাসাবাদ।
এই গোলমালের তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতেই অভিষেকের কালীঘাটের বাসভবনে সমনের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছিল। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। তার পরপরই রবিবার সকালে ডেরেকের বাড়িতে নোটিশ নিয়ে হাজির হন পুলিশ আধিকারিকেরা। ডেরেকের প্রতিনিধির হাতে সমন হস্তান্তর করা হয়েছে। একদিকে পুলিশের কড়া অবস্থান, অন্যদিকে জোড়া সাংসদকে সমন পাঠানোর ঘটনায় ক্যামাক স্ট্রিট কাণ্ডে চাপানউতোর এখন তুঙ্গে।

