উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় ঐতিহাসিক পরিবর্তনের পর এবার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান নিল বিজেপি (BJP)। মঙ্গলবার বিধাননগরের দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের দীর্ঘ বৈঠকের পর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya robust message) স্পষ্ট জানিয়ে দিলেন, ভোট-পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অশান্তি করলে তাঁকে সরাসরি দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজনীতির রং না দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকেও বার্তা দিয়েছেন তিনি।
সোমবারের ফলাফল (Bengal Election Outcomes 2026) অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০০-এর বেশি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। ঐতিহাসিক এই জয়ের পর মঙ্গলবার থেকেই প্রশাসনিক ও দলীয় স্তরে তৎপরতা শুরু হয়েছে। শমীক ভট্টাচার্য বলেন, “বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন শান্তি ও উন্নয়নের জন্য। গঙ্গা থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমাদের যে স্বপ্ন ছিল, তা আজ পূরণ হয়েছে। কিন্তু এই জয়ের আনন্দে কাউকে আঘাত করা যাবে না। কারো ভাবাবেগে আঘাত দেওয়া আমাদের লক্ষ্য নয়।”
বিজেপি সূত্রের খবর, বিধাননগরের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও উপস্থিত ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর যে ধরণের হিংসার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি শাসনে তার পুনরাবৃত্তি যাতে কোনোভাবেই না ঘটে, সে বিষয়ে কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শমীক ভট্টাচার্যের কথায়, “বিজেপির পতাকা নিয়ে কোথাও ভাঙচুর করা হলে আমরা তা সমর্থন করি না। প্রশাসনকে বলছি, অপরাধীর রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর পদক্ষেপ নিন।”
এদিন বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের প্রতি। বহু প্রতিকূলতা কাটিয়ে নিজের গাঁটের কড়ি খরচ করে এসে ভোট দিয়ে পরিবর্তন সুনিশ্চিত করায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি আরও জানান, বিজেপি সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনার পথ প্রশস্ত করা। আপাতত সকল স্তরেই শান্তি বজায় রাখার কড়া বার্তা পাঠিয়েছে গেরুয়া শিবির।
