উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের (TMC) দশ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০৭টি আসন নিয়ে বাংলার মসনদে আসীন হতে চলেছে বিজেপি (BJP)। এবার প্রশ্ন হলো, কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সাধারণত যে কোনও রাজ্যে পরিষদীয় দলনেতা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠানো বিজেপির দস্তুর। তবে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অমিত শাকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো বিশেষ তাৎপর্যপূর্ণ। নরেন্দ্র মোদি সরকারের ‘সেকেন্ড-ইন-কমান্ড’কে এই দায়িত্ব দেওয়ার অর্থ হলো, পশ্চিমবঙ্গের এই জয়কে কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।
বিজেপি এবার বিধানসভায় বিরোধী বেঞ্চ থেকে উঠে এসে সরকারি পক্ষের ভূমিকা গ্রহণ করবে। ফলে পরিষদীয় দলনেতা হিসেবে যাঁর নাম চূড়ান্ত হবে, তিনিই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। অমিত শা এবং মোহনচরণ মাঝি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন এবং তাঁদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে যে, আগামী ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। যদিও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “শপথের তারিখ কেন্দ্রীয় নেতৃত্বই স্থির করবেন।” অমিত শাহের উপস্থিতিতে হবু বিধায়কদের বৈঠকের পরেই এই ধোঁয়াশা কাটবে বলে মনে করা হচ্ছে।
