উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভাগ্যনির্ধারণ। একদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির, অন্যদিকে ভোট-পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে আগেভাগেই সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রবিবার সল্টলেকের রাজ্য দফতর থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিলেন, জয়ের পর কোনো স্তরের বিজেপি কর্মী যেন হিংসায় না জড়ান।
বিগত বছরগুলোর ভোট-পরবর্তী অশান্তির তিক্ত স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে শমীক ভট্টাচার্য এদিন এক আবেগঘন বার্তা দেন। তিনি বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর আমাদের ৫৬ জন কর্মী খুন হয়েছিলেন, বহু মহিলা লাঞ্ছিত হয়েছিলেন। সেই সময় আমাদের কর্মীদের পরিবারগুলি যে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে, আমরা চাই না অন্য কারোর পরিবার সেই একই পরিস্থিতির শিকার হোক।”
শমীক ভট্টাচার্য এদিন স্পষ্ট করেন যে, বিজেপি রাজ্যে এক নতুন ‘ভোট-সংস্কৃতি’ গড়ে তুলতে চায়। তাঁর মতে, অতীতে কী হয়েছে তা মাথায় না রেখে বিজেপি কর্মীদের সংযত থাকতে হবে। তিনি আরও যোগ করেন, “মরিয়া হয়ে কোনো রাজনৈতিক দল গণনায় গন্ডগোল করার চেষ্টা করলে তা সফল হবে না। তবে জয়ের পর কোনো পাল্টা হিংসার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা যাবে না।”
রাজ্য সভাপতির এই বার্তা মূলত নিচুতলার কর্মীদের মনোবল ধরে রাখার পাশাপাশি সংযমের শিক্ষা দেওয়ার একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার সকাল ৮টা থেকে গণনা শুরু হবে, আর তার আগেই এই শান্তিবার্তা রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বড় ইতিবাচক ইঙ্গিত।
