রায়গঞ্জ: ফেরিওয়ালার ছদ্মবেশে শহরে কি সক্রিয় হচ্ছে আন্তঃরাজ্য চোর চক্র? রায়গঞ্জ (Raiganj) শহরের নেতাজিপল্লী এলাকায় তিন দুষ্কৃতী ধরা পড়ার ঘটনায় এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। চুরির চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিন যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।
রবিবার সকালে রায়গঞ্জ শহরের নেতাজিপল্লী এলাকায় একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে ওই তিন যুবক। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। উত্তেজিত জনতা ওই তিনজনকে ধরে ফেলে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবকের নাম, তোয়েব সালমানী (২৫), সাহেব কুরেশী (২৪), সার্ভিস কুরেশী (৩১)।
এরা সকলেই উত্তরপ্রদেশের মোজাফফরনগর জেলার সাহাপুর থানার বাসিকোলা গ্রামের বাসিন্দা। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে এরা থাকছিল। এলাকায় এরা মূলত ফেরিওয়ালার কাজ করত বলে জানা গিয়েছে।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেলে ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাঁদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
শহরের বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভিন রাজ্য থেকে আসা ফেরিওয়ালারা দিনের বেলা বিভিন্ন পাড়ায় ঘুরে বাড়ির রেইকি (তদারকি) করে এবং সুযোগ বুঝে চুরির চেষ্টা চালায়। নেতাজিপল্লীর এক বাসিন্দা বলেন, “শহরের সুরক্ষার খাতিরে অবিলম্বে পুলিশকে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালাদের ওপর করা নজরদারি চালানো উচিত।”
