উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেদারনাথ মন্দিরে পুণ্যার্থীরা এবার পৌঁছাতে পারবেন আরও সহজে (Kedarnath Dham)। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে (Ropeway) তৈরি করা হবে একথা গত মার্চেই জানিয়েছিল কেন্দ্র। আর সেই রোপওয়ে নির্মাণের দায়িত্ব দেওয়া হল আদানি গোষ্ঠীকে (Adani Group)। বুধবার একথা জানিয়েছেন খোদ আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
এদিন এক্স হ্যান্ডেলের পোস্টে গৌতম আদানি লিখেছেন, ‘কেদারনাথ ধামে যাওয়ার কঠিন যাত্রা আরও সহজ হয়ে উঠবে। পুণ্যার্থীদের তীর্থযাত্রা সহজ এবং নিরাপদ করার জন্য আদানি গোষ্ঠী এই রোপওয়ে নির্মাণ করছে। এই পবিত্র প্রচেষ্টার অংশ হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। মহাদেব সকলের উপর তাঁর কৃপা বর্ষণ করুন। জয় বাবা কেদারনাথ!’ সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, রোপওয়ে প্রকল্পটি ঠিক কেমন হতে চলেছে।
এই রোপওয়ে প্রকল্পটি বাস্তবায়িত করতে খরচ হবে মোট ৪,০৮১ কোটি টাকা। এই রোপওয়েটি সোনপ্রয়াগকে কেদারনাথের সঙ্গে যুক্ত করবে। বর্তমানে অনেকটা পথ ট্রেকিং করে কেদারনাথ পৌঁছতে হয়। যেখানে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা সময় লেগে যায়। কিন্তু ১২.৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েটি চালু হয়ে গেলে মাত্র ৩৬ মিনিটেই কেদারনাথে পৌঁছানো যাবে। ফলে এই তীর্থযাত্রা অনেক সহজ এবং নিরাপদ হয়ে উঠবে। রোপওয়ে প্রকল্পটির কাজ সম্পন্ন হতে ছয় বছর লাগবে বলে আশা করা হচ্ছে। এই রোপওয়েটি প্রতি ঘণ্টায় ১,৮০০ যাত্রী বহন করতে সক্ষম হবে। এটি চালু হয়ে গেলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি পর্যটনেও উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।
