BJP | চা বাগানের জমায়েতে নজর বিজেপির, কাল শুভেন্দুর নাগরাকাটা থানা অভিযান 

BJP | চা বাগানের জমায়েতে নজর বিজেপির, কাল শুভেন্দুর নাগরাকাটা থানা অভিযান 

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের ওপর হামলা এবং তার তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আগামী বৃহস্পতিবার নাগরাকাটা থানা অভিযান করবে বিজেপি (BJP)। তার নেতৃত্ব দেবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে জমায়েতকেই পাখির চোখ করেছে বিজেপি। শুভেন্দুর নেতৃত্বে নাগরাকাটায় মিছিল ও থানায় অবস্থান বিক্ষোভ হবে বলে গেরুয়া শিবির জানিয়েছে।

পুলিশ অবশ্য ইতিমধ্যেই ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। যদিও বিজেপির দাবি, মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি। জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, বিধায়ক ও সাংসদের ওপর হামলা নিয়ে বিজেপি নেতাদের হাইকোর্টে করা জোড়া মামলার প্রথম শুনানিতে পুলিশের তদন্তে আদালত কোনও হস্তক্ষেপ করেনি। পুলিশের থেকে আরও একটি রিপোর্ট আদালত চেয়েছে। এর আগে জাতীয় এসটি-এসসি কমিশন ও সংসদের প্রিভিলেজ কমিটি পুলিশের কাছে হামলার বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছিল। তা দিনকয়েক আগেই পাঠিয়ে দেওয়া হয়।’ পুলিশ সুপার বলেন, ‘যে গাড়িতে সাংসদ-বিধায়করা ছিলেন সেটির ফরেন্সিক পরীক্ষা, ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের বয়ান রেকর্ড সহ অন্যান্য যা করার সমস্তকিছুই করা হয়েছে। আইপিএস পদমর্যাদার এক পুলিশ আধিকারিক তদন্তের দায়িত্বে রয়েছেন।’

এদিকে, শুভেন্দুর কর্মসূচিকে ঘিরে যথারীতি রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী শিবিরে। এদিন দলীয় প্রস্তুতি খতিয়ে দেখতে নাগরাকাটায় আসেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘অভিযোগ জানানো সত্ত্বেও প্রকৃত হামলাকারীদের পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদেই বিধানসভার বিরোধী দলনেতা আসছেন। এর পরেও যদি পুলিশ ব্যবস্থা না নেয় তবে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। গত ৬ অক্টোবর বামনডাঙ্গা চা বাগানের দুর্গতদের সঙ্গে দেখা করতে যাওয়ার দিন যেভাবে তৃণমূলের বাহিনী হামলা চালায় তার নিন্দা জানানোর ভাষা নেই। প্রকৃত তদন্ত হলে সমস্ত কিছু উঠে আসবে।’

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘এখন দুর্যোগপূর্ণ পরিস্থিতি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মূল কাজ। এটা রাজনীতির সময় নয়। যে কারণে দলীয় সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। বিজেপি সস্তার রাজনীতি চালিয়ে যাচ্ছে। ওঁদের সাংসদ-বিধায়ক থাকা সত্ত্বেও মানুষের বিপদে পাশে দাঁড়াতে কাউকেই দেখা যায় না। দুর্যোগ মোকাবিলার সময় যখন ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা তখনও ওঁরা রাজনীতি চালিয়ে যাচ্ছেন। এর জবাব বিজেপি আগামী নির্বাচনেই পেয়ে যাবেন। এসব করে যদি কোনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তার জন্যও দায়ী থাকবেন ওঁরাই। জলপাইগুড়ি জেলায় আমরা অশান্ত পরিবেশ চাই না।’

বিজেপি জানিয়েছে শুভেন্দুর কর্মসূচিতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় ছাড়াও ডুয়ার্স থেকে দলীয় বিধায়করা থাকবেন। নাগরাকাটা ছাড়াও লাগোয়া বানারহাট, মেটেলি, মালবাজার ও মাদারিহাট ব্লকের চা বাগান থেকেও লোক আনার টার্গেট রয়েছে। নাগরাকাটা স্টেশন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নাগরাকাটা থানার সামনে শেষ হবে। জমায়েতে শুভেন্দু বক্তব্য রাখবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *