উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দেশভাগের মর্মান্তিক স্মৃতি ও ভয়াবহতাকে স্মরণ করতে আগামী ১৪ অগাস্ট (শুক্রবার) রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিভাজন দিবস’ পালনের আহ্বান জানালেন রাজ্যপাল তথা আচার্য আরএন রবি। রবিবার লোক ভবনের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজগুলিতেও এই দিবস পালনের আর্জি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯৪৭ সালে দেশভাগের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন, যার নেতিবাচক প্রভাব পড়েছিল এই রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিকাঠামোয়। ভারতীয় ইতিহাসের এই ‘অন্ধকার অধ্যায়’ সম্পর্কে নতুন প্রজন্মের ওয়াকিবহাল হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে রাজভবন।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশভাগের শিকার হওয়া মানুষদের প্রতি যেমন সমবেদনা জানানো প্রয়োজন, তেমনই যে সমস্ত শক্তি সমাজে বিভাজন তৈরি করতে চায়, তাদের বিষয়েও সবসময় সতর্ক থাকতে হবে। স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিরও প্রস্তুতি চলছে। সোমবার, ১০ অগাস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এতে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

