উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত ফাঁস হওয়া নথিপত্র বা ‘এপস্টিন ফাইলস’ (Epstein Recordsdata)। ক্ষমতাশালী ব্যক্তিদের অন্ধকার জগতের এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। এই ঘটনায় এবার তীব্র ক্ষোভ উগরে দিলেন বলিউড (Bollywood Information) অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর দাবি, বর্তমান বিশ্বের এই নৈতিক অবক্ষয় থেকে মুক্তির একমাত্র পথ হলো ভারতীয় সংস্কৃতি ও ‘সনাতন’ মূল্যবোধ।
অন্ধকার জগতের তথ্যে বিচলিত অভিনেত্রী সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে জানান, এপস্টিন ফাইলসের তথ্যগুলো পড়ে তিনি বিস্মিত। তাঁর মতে, অপরাধ সব সমাজেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে একটি ‘ফ্যাশন’ হিসেবে তুলে ধরা হয়েছে, তা অভাবনীয়। কঙ্গনা লিখেছেন, “ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি—সেই সব নামী সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ বা পরিচালক— তারা কীভাবে অল্পবয়সি মহিলা ও ছোট ছোট শিশুদের মারত!।”
একমাত্র সমাধান ‘সনাতন’? ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত কঙ্গনা মনে করেন, পাশ্চাত্য আধুনিকতার আড়ালে মানবিকতার অস্তিত্ব আজ সংকটের মুখে। এই অন্ধকার থেকে বিশ্বকে আলোর পথ দেখাতে পারে ভারতবর্ষ। কঙ্গনার বক্তব্য, “আমি অত্যন্ত হতাশ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তবে আমি নিশ্চিত যে ভারতের সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সনাতন ধর্মই হলো সেই উত্তর যা এই মুহূর্তে গোটা বিশ্ব খুঁজছে।” তিনি বর্তমান পরিস্থিতিকে পৌরাণিক ‘সুর-অসুর’ যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, আজকের যুগে দেবতা ও রাক্ষসদের গল্পগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। এখন মানুষকে বেছে নিতে হবে তিনি ঈশ্বরের পক্ষে থাকবেন নাকি দানবীয় প্রবৃত্তির।
রাজনীতি ও চলচ্চিত্র কঙ্গনা বরাবরই তাঁর স্পষ্টবাদী ও কট্টরপন্থী মন্তব্যের জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি রাজনীতির ময়দানেও সক্রিয়। তাঁর অভিনীত ও পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency Film) নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট চর্চা হয়েছে। পদ্ম শিবিরের সাংসদ হিসেবে তিনি বারবার ভারতীয় ঐতিহ্য ও হিন্দুত্বের পক্ষে সওয়াল করেছেন। এপস্টিন কাণ্ডকে ঘিরে তাঁর এই মন্তব্য আবারও বুঝিয়ে দিল যে, আন্তর্জাতিক ইস্যুকেও তিনি ভারতীয় আধ্যাত্মিক দর্শনের চশমা দিয়ে দেখতে পছন্দ করেন।
