উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে ভাত বেঁচে যাওয়া এক চিরকালীন সমস্যা। অতিথি আপ্যায়ন বা কব্জি ডুবিয়ে খাওয়ার অভ্যাসে বাড়তি ভাত জমলে তা বাসি হয়ে পড়ে। কিন্তু সেই বাসি ভাত দিয়েই যে বিকেলের নাস্তা কিংবা প্রাতরাশ জমে উঠতে পারে, তা অনেকেরই অজানা। বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা এই তিন পদ।
১. রাইস পকোড়া: আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও প্রয়োজনীয় মশলা বাসি ভাতের সঙ্গে মেখে নিন। এবার মিশ্রণটি বেসনের গোলায় ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি মুচমুচে রাইস পকোড়া। বৃষ্টির দিনে আড্ডার সঙ্গী হিসেবে এর জুড়ি মেলা ভার।
২. ভাতভাজা: কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, গাজর ও ক্যাপসিকাম হালকা ভেজে নিন। প্রয়োজনে এতে ডিম ঝুরি বা সয়া সস যোগ করতে পারেন। এরপর বাসি ভাত মিশিয়ে ভালো করে নেড়ে নিন। শেষে সামান্য মাখন ছড়িয়ে দিলে এর স্বাদ ও সুগন্ধে যে কেউই মুগ্ধ হবেন।
৩. ভাতের চিলা: বেঁচে যাওয়া ভাত মিক্সিতে ভালো করে পিষে নিন। এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও মশলা মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এবার তাওয়ায় সামান্য তেল ছড়িয়ে দুই পিঠ সোনালি করে ভেজে নিলেই তৈরি পুষ্টিকর ‘রাইস চিলা’। প্রাতরাশ বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটি দারুণ।
তাই পরের বার ভাত বেঁচে গেলে ফেলে না দিয়ে এই রেসিপিগুলো ট্রাই করে দেখুন। বাসি ভাতের এমন রূপান্তর আপনার পরিবারের সদস্যদের চমকে দেবে নিশ্চিত!

