Awas Yojana Rip-off | আবাস যোজনার টাকায় কাটমানি! কুমারগঞ্জে তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় আদিবাসী ব্যক্তি

Awas Yojana Rip-off | আবাস যোজনার টাকায় কাটমানি! কুমারগঞ্জে তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় আদিবাসী ব্যক্তি

শিক্ষা
Spread the love


কুমারগঞ্জ: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ (Awas Yojana Rip-off) উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকায়। এই ঘটনায় শুক্রবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাফানগর উত্তরপাড়ার বাসিন্দা তথা এক আদিবাসী ব্যক্তি বিশ্বনাথ মার্ডি।

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা বিশ্বনাথ মার্ডির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। অভিযোগ, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই স্থানীয় তৃণমূল কর্মী আলমগীর মিঞা তাঁর কাছে ১০ হাজার টাকা কাটমানি দাবি করেন। বিশ্বনাথ মার্ডির দাবি, ওই টাকা না দিলে সরকারি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে দেওয়া হবে না বলে তাঁকে হুমকি দেওয়া হয়।

পরিস্থিতির চাপে পড়ে তিনি অভিযুক্তকে সাড়ে আট হাজার টাকা দিতে বাধ্য হন। অভিযোগকারী আরও জানিয়েছেন, বাকি দেড় হাজার টাকার জন্যও তাঁকে দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। শেষপর্যন্ত উপায়ান্তর না দেখে তিনি শুক্রবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযোগকারী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল কর্মী আলমগীর মিঞার প্রতিক্রিয়া পাওয়ার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তদন্তের পরেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *