উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই বাঙালিদের মুখে সেভাবে কিছুই রোচে না। রোজ মাছের ঝোল খেতে খেতে অরুচি ধরে গেছে। আবার একটু রসিয়ে রেঁধে খেলেও পেটে সমস্যা শুরু হয়। তাহলে কি কোনও উপায় নেই, রান্নায় একটু স্বাদ বদলের? আছে বলেই তো আজকের রেসিপি আপনাদের জন্য তুলে ধরা হবে। ‘কাসন পোড়া মাছ’, এই রান্না অবশ্য ওপার বাংলার। দেখতে কিছুটা কালচে হলেও, স্বাদ হবে অন্য রকম।
উপকরণ: ৪ টুকরো রুই মাছ, ২ টেবিল চামচ কালো সর্ষে, ১ চা-চামচ কালো জিরে, ৩-৪টি কাঁচালংকা, ১ চিমটে হলুদ, ১ চা-চামচ জিরেগুঁড়ো, স্বাদমতো নুন, পরিমাণমতো সর্ষের তেল।
পদ্ধতি: নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখুন মাছে। আধ থেকে এক ঘণ্টা মাছে নুন বসতে দিন। তার পর ভেজে ফেলুন। এবার কড়াইয়ে কালো সর্ষে দিয়ে ভাজতে থাকুন। পুড়িয়ে ফেললে তেতো হয়ে যাবে। তবে সর্ষে ফাটতে শুরু করলে সেটি নামিয়ে হামানদিস্তায় গুঁড়িয়ে নিন। দেখতে কালো হবে। এটাই রান্নার মূল মশলা।এবার কড়াইয়ে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিন। যোগ করুন কাঁচালংকা। হালকা ভাজা হলে দিয়ে দিন হলুদ, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন। আঁচ কমিয়ে সমস্ত মশলা কষিয়ে নিন। তার পর যোগ করুন গরম জল। এটি ঝোল ঝোল হবে। সেইমতো জল দিন। ঝোল ফুটে গেলে মাছ দিয়ে দিন। একদম শেষ ধাপে যোগ করুন সর্ষের গুঁড়ো। এটি দিলে ঝোল একটু কালচে হবে। মিনিট ৩-৪ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাসন পোড়া মাছের ঝোল। চাইলে সামান্য ধনেপাতা কুচি এতে যোগ করতে পারেন।
