উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত যে আসতে চলেছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই মরশুম বদলের সময়ই শুরু হয় সর্দিকাশি, গলা ব্যথার মতো সমস্যা। আর এই সময়ে ওষুধ না খেয়ে ঘরোয়াভাবেও সমস্যার থেকে মুক্তি পেতে পারেন (Sore Throat)। তাই রইল কিছু টিপস।
১. আদা দিয়ে চা খেলে উপকার পাবেন। এর জন্য এক কাপ জলে আদা, দারুচিনি ও ছোট এলাচ ফেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ছেঁকে এই চা খেতে হবে। দিনে ২ বার করে খেলেই গলাব্যথায় অনেকটা কমবে।
২. গলা ব্যথা বা কাশি থেকে মুক্তি পেতে লবঙ্গ দারুণ উপকারী। একটি লবঙ্গ নিয়ে তাতে ভালো করে সৈন্ধব নুন লাগিয়ে মুখে রাখুন। এতে গলা ব্যথা, গলা খুসখুস, কাশির সমস্যা থেকে রেহাই পাবেন।
৩. এক-দুই ইঞ্চি আদা থেঁতো করে নিন। দুই থেকে তিন কাপ গরম জলের মধ্যে সেটি মিশিয়ে দিন। এবার একটি পাতিলেবুর অর্ধেকটা কেটে সেই রস জলে মিশিয়ে দিন। তাতে মধু দিয়ে ৫ মিনিট টানা নাড়তে থাকুন। কিছুক্ষণ রেখে ছেঁকে নিন। প্রতিদিন এই জল সকালে খেলে গলার ব্যথা সেরে যাবে।
৪. গলা ব্যথা থেকে মুক্তি দিতে পারে মধু। কারণ মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান, যা গলা এবং শ্বাসনালিতে সমস্যা সৃষ্টিকারী ব্যাকটিরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে ফেলতে সক্ষম। সকালে ঈষদুষ্ণ জলে ২ চা চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
