উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চাইলেই সামান্য উপকরণ দিয়েই জমিয়ে তোলা যায় দুপুরের ভোজ। ফ্রিজে হাড় ছাড়া মুরগির মাংস রাখা থাকলে আর চিন্তা নেই। কম খাটনিতে রাজকীয় স্বাদের রেসিপি (Recipe) চান? পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে রেঁধে ফেলুন জিভে জল আনা চিকেন মালাই কোপ্তা।
প্রয়োজনীয় উপকরণ
কোপ্তার জন্য: ৪০০ গ্রাম হাড় ছাড়া মাংস, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লংকা, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স ও ফ্রেশ ক্রিম।
গ্রেভির জন্য: গোটা গরমমশলা, কাজুবাদাম, ফেটানো টকদই, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, কসুরী মেথি, সাদা তেল ও সামান্য গরম জল।
প্রস্তুতপ্রণালী
প্রথমে মিক্সারের জারে মাংসের টুকরো, আদা, রসুন, কাঁচা লংকা, পেঁয়াজ, নুন, গোলমরিচ, ফ্রেশ ক্রিম ও চিলিফ্লেক্স একসঙ্গে বেটে মসৃণ কিমা বানিয়ে নিন। এবার মিশ্রণটি থেকে পছন্দসই আকারের গোল গোল কোপ্তা গড়ে সাদা তেলে হালকা ভেজে তুলুন।
এরপর কড়াইতে সামান্য তেল গরম করে গোটা গরমমশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লংকা ও কাজুবাদাম ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে ওই পেস্টটি ঢেলে তাতে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো ও ফেটানো টকদই কষিয়ে নিন। মশলা তেল ছাড়লে সামান্য গরম জল ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিন। নামানোর আগে উপর থেকে ফ্রেশ ক্রিম ও কসুরী মেথি ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম চিকেন মালাই কোপ্তা।

