গঙ্গারামপুর: সিপিআইএমের ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমারকাণ্ড গঙ্গারামপুরে (Gangarampur)! সোমবার বিকেলে গঙ্গারামপুর বড় বাজার থেকে বামেদের মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল গঙ্গারামপুর পুরসভা সংলগ্ন এলাকায় পৌঁছতেই মিছিলে ঝাঁপিয়ে পড়ে এক দল বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। এর জেরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এরপর গঙ্গারামপুর পুরসভার সামনে বাম ও বিজেপি কর্মীরা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে। এর জেরে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মীরা বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে পচা ডিম ছুড়তে শুরু করে। পচা ডিম একাধিক বাম নেতৃত্বের গায়েও লাগে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বামেদের প্রতিনিধিরা পুরো এলাকার নাগরিক সমস্যা নিয়ে পুর প্রশাসক মোস্তাক আহমেদের কাছে ডেপুটেশন প্রদান করেন। সেই সঙ্গে পুরসভার সামনে পথসভা করেন বাম নেতৃত্ব।
এবিষয়ে সিপিআইএমের (CPIM) রাজ্য কমিটির নেতৃত্ব সায়নদ্বীপ মিত্র বলেন, “তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই পালিয়ে গিয়েছেন। এখন পুর প্রশাসক দায়িত্ব সামলাচ্ছেন। নাগরিক পরিষেবা মিলছে না বলে পুর নাগরিকেরা সমস্যা রয়েছেন। তাই আজ আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে ডেপুটেশন দিতে এসেছিলাম। পুরসভার কাছে আমাদের মিছিল আসতেই হঠাৎ বিজেপির লোকেরা পুলিশের উপস্থিতিতে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, হামলা চালানো হয়। পাশাপাশি পুলিশ আমাদের পুরসভার সামনে মঞ্চ বাঁধতে দেয়নি, সেভাবে জমায়েত করতে দেয়নি। আমরা আজকের এই হামলার বিরুদ্ধে লিখিত অভিযোগ করব। অভিযোগের ভিত্তিতে আগামী দিনে ব্যবস্থা গ্রহণ না করা হলে, পরবর্তীতে গঙ্গারামপুরে কোনও নৈরাজ্য তৈরি হলে, তার দায় প্রশাসনকে নিতে হবে।”
এবিষয়ে সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানান, “আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশন মিছিল বিজেপির গুন্ডাবাহিনী আটকানোর চেষ্টা করে। ডিম ছুড়ে দেয়, আমাকেও ডিম মারা হয়েছে। বিজেপির ডবল ইঞ্জিনিয়ার সরকার, ডবল ডবল গুন্ডামি করছে। এই সমস্ত গুন্ডামি সাধারণ মানুষ বরদাস্ত করবে না। আগামী দিনে এর ফলাফল পেয়ে যাবে। তৃণমূলের মত এরাও বিলুপ্ত হয়ে যাবে।”
অপরদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষের বক্তব্য, “আজ মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন বলে শহরে সংবর্ধনা যাত্রা করছিল। তখন হার্মাদ সিপিএম ডেপুটেশন দিতে মিছিল করে যাচ্ছিল। সেই মিছিল থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বামেরা অপপ্রচার চালাচ্ছিল বলে কিছু সাধারণ মহিলারা প্রতিবাদ করেন। এর বেশি কিছুই হয়নি।এই ঘটনা নিয়ে বামেরা চাইলে অভিযোগ করতেই পারেন, অসুবিধার কিছু নেই। তবে প্রশাসন নিরপেক্ষ ছিল বলেই তারা ডেপুটেশন দিতে পারল।”

