উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিয়েবাড়ি হোক বা রেস্তোরাঁ, খাবার পাতে কুলচার কদর আলাদা। নরম রুটির ভিতরে আমিষ বা নিরামিষ পুর ভরা এই পদটি অনেকেরই পছন্দ। তবে বাড়িতে তন্দুর না থাকায় অনেকেই এটি তৈরির সাহস পান না। কিন্তু একটু বুদ্ধি খাটালেই ননস্টিক তাওয়া ও জল দিয়ে রেস্তোরাঁর মতো কুলচা বানিয়ে ফেলা সম্ভব (Recipe)।
কীভাবে বানাবেন?
প্রথমে দেড় কাপ ময়দায় আধ চা-চামচ নুন, এক চিমটে বেকিং পাউডার এবং চার টেবিলচামচ টকদই ভালো করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা ভালোভাবে মেখে মণ্ড তৈরি করুন। মণ্ডটির গায়ে কিছুটা তেল ছড়িয়ে আরও একবার মেখে আধ ঘণ্টা ঢেকে রেখে দিন।
কীভাবে পুর তৈরি করবেন?
পেঁয়াজকুচি করে তাতে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেলে তা ভালো করে চিপে নিন। এবার সেদ্ধ আলু, গ্রেট করা পনির, নুন, গোলমরিচ, ধনেপাতা কুচি, কাঁচা লংকাকুচি, জল ঝরানো পেঁয়াজকুচি এবং চিলিফ্লেক্স একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করুন। ময়দার মণ্ড থেকে লেচি কেটে তার ভিতরে এই পুর ভরে কুলচার আকারে বেলে নিন।
সেঁকার পদ্ধতি:
একটি ননস্টিক তাওয়া ভালো করে গরম করে তার উপর কিছুটা জল ছিটিয়ে দিন। জল ফুটতে শুরু করলে বেলা কুলচাটি তার উপর রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখুন। এবার ঢাকনা খুলে কুলচাটি উলটে আরও কিছুক্ষণ সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ধোঁয়া ওঠা সুস্বাদু কুলচা। ছুটির দিনে বা বিশেষ সন্ধ্যায় ভোজনরসিক বাঙালি পরিবারের পাতে তন্দুর ছাড়াই এই পদটি দারুণ জমবে।

