উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তালের মরশুমে চিরাচরিত ফুলুরি, মালপোয়া বা পায়েসের পাশাপাশি এবার জন্মাষ্টমীর ভোগে আনতে পারেন নতুন চমক। ঐতিহ্যবাহী বাঙালি স্বাদের সঙ্গে বিদেশি রীতির মেলবন্ধনে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ‘তালের পুডিং’। খুব সহজেই ঘরের কিছু উপকরণের সাহায্যে তৈরি করা যায় এই অভিনব পদটি (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
- তালের ক্বাথ: ১ কাপ
- দুধ: ২ কাপ
- চিনি: আধ কাপ
- আগর আগর পাউডার: ১০ গ্রাম (অথবা বিকল্প হিসেবে ৩ চামচ কর্নফ্লাওয়ার)
- এলাচ গুঁড়ো: ১ চিমটে
- কাজু ও কিশমিশ: অল্প (সাজানোর জন্য)
- ঘি: সামান্য
প্রণালী:
প্রথমে আধ কাপ জলে আগর আগর ভিজিয়ে রাখুন। যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, তবে তা অল্প ঠান্ডা জলে গুলে আলাদা করে রাখুন। এবার একটি প্যানে দুধ ও চিনি একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। এরপর ফোটানো দুধের মধ্যে ভেজানো আগর আগর জলসমেত ঢেলে দিন এবং অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না তা সম্পূর্ণ গলে দুধের সঙ্গে মিশে যায়।
মিশ্রণটির মধ্যে এবার ঘন তালের ক্বাথ এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট জ্বাল দিয়ে মিশ্রণটিকে একটু ঘন করে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আঁচ বন্ধ করে একটি পছন্দসই মোল্ড বা পাত্রে ঢেলে দিন (পাত্রের আকারের উপর নির্ভর করবে পুডিংয়ের আকৃতি)।
মিশ্রণটি প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিন। এরপর পাত্রটি ফ্রিজে ২ থেকে ৩ ঘণ্টা রেখে সেট হতে দিন। পরিবেশনের আগে উপরে ঘি-এ হালকা ভেজে নেওয়া কাজু ও কিশমিশ ছড়িয়ে সাজিয়ে নিলেই তৈরি নজরকাড়া তালের পুডিং।

