Nepal Flash Flood | নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা, হাসপাতালে পাঠানো হল ডিএনএ স্যাম্পল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের (Nepal Flash Flood) আটদিন পরও সন্ধান মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের (Sharmistha Bhowmik Roy)। স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে অবশেষে সামাজিক মাধ্যমের সাহায্য নিলেন স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। শর্মিষ্ঠার ছবি এবং নেপাল সফরের বিস্তারিত তথ্য সংবলিত একটি পোস্টার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। নিখোঁজ শর্মিষ্ঠার সন্ধানে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মুকুল-পুত্র।

গত বুধবার রাতে সাড়ে ন’টা নাগাদ পোস্টারটি শেয়ার করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শর্মিষ্ঠার ব্যাপারে কোনো ইতিবাচক খবর পাননি বলেই জানান তাঁর স্বামী। শুভ্রাংশু জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। শর্মিষ্ঠার খোঁজ পেতে তাঁর ডিএনএ স্যাম্পল বা নমুনা পরীক্ষার জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে।

কলকাতাভিত্তিক পর্যটন সংস্থা ‘চলো যাই’-এর উদ্যোগে ৩২ জনের একটি দল গত ২১ অগাস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। মানসরোবরগামী ওই পর্যটক দলে একা হিসেবেই যোগ দিয়েছিলেন শর্মিষ্ঠা। কিন্তু গত বুধবার সেখানে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুভ্রাংশুর শেয়ার করা পোস্টারে উল্লেখ করা হয়েছে, নেপালের বিপর্যয়ের আগে তিনি ‘শুভম গেস্ট হাউস’ নামের একটি হোটেলে অবস্থান করছিলেন এবং তাঁকে শেষবার ‘গিরং পোর্ট’-এ দেখা গিয়েছিল। পরিবার ও শুভানুধ্যায়ীদের যোগাযোগের সুবিধার জন্য পোস্টারে একটি ফোন নম্বরও (9051377068) যুক্ত করা হয়েছে।

এই বিপর্যয়ের পর নেপালে রাজ্যের কত জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই তালিকাতেও শর্মিষ্ঠার নাম অন্তর্ভুক্ত রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি তদারকি করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুভ্রাংশু বৃহস্পতিবার জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সদর্থক খবর পাওয়া যায়নি। কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট পর্যটন সংস্থাও। প্রিয়জনকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *