Recipe | গরম ভাতে জমবে ভালো! ঝটপট বানিয়ে নিন ‘পটলের দম’, রইল সহজ রেসিপি

Recipe | গরম ভাতে জমবে ভালো! ঝটপট বানিয়ে নিন ‘পটলের দম’, রইল সহজ রেসিপি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারী এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে যদি মুখে রুচিকর অথচ সহজপাচ্য কিছু খেতে মন চায়, তবে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ‘পটলের দম’। খুব বেশি তেল-মশলার আধিক্য ছাড়াই এটি তৈরি করা সম্ভব, যা শরীরের জন্য যেমন হালকা, তেমনই স্বাদেও অতুলনীয় (Recipe)।

উপকরণ:

৪০০ গ্রাম পটল

১ টেবিল চামচ টক দই

২ চা চামচ আদা-লংকা বাটা

১ চা চামচ জিরে গুঁড়ো

১ চা চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

আধ চা চামচ লংকা গুঁড়ো

১টি তেজপাতা

১টি শুকনো লংকা

এক চিমটে গোটা জিরে

১টি এলাচ

১টি লবঙ্গ

১ টুকরো দারচিনি

আধ চা চামচ গরম মশলা গুঁড়ো

আধ টেবিল চামচ ঘি

স্বাদমতো নুন, চিনি

৩ টেবিল চামচ সর্ষের তেল

প্রণালী:

প্রথমে পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুই প্রান্ত সামান্য কেটে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটলগুলো হালকা করে ভাজুন। মিনিট দুয়েক নুন দিয়ে ভেজে পটলগুলো তুলে আলাদা পাত্রে রাখুন।

ওই তেলেই শুকনো লংকা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে আদা-কাঁচা লংকা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। এরপর সব গুঁড়ো মশলা, সামান্য নুন ও ফেটানো টক দই দিয়ে দিন। অল্প জল দিয়ে মিনিট পাঁচেক মশলাটি ভালো করে কষিয়ে নিন এবং সামান্য চিনি মেশান।

মশলা থেকে তেল ছাড়লে দেড় কাপ জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। নামানোর আগে উপর থেকে ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। এই পদটি গরম ভাতের সঙ্গে দারুণ জমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *