উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাঝেমধ্যেই মন চায় একটু মিষ্টি কিছু খেতে? অথচ শরীর খারাপ বা ওজন বৃদ্ধির ভয়ে হাত গুটিয়ে বসে থাকেন? তাদের জন্যই রয়েছে এক দারুণ সুস্বাদু অথচ তুলনামূলক স্বাস্থ্যকর সমাধান। কাঠবাদাম দিয়ে তৈরি এই মুখরোচক স্ন্যাক্সটি শুধু খেতেই সুস্বাদু নয়, বানাতেও সময় লাগে খুবই কম। স্বাস্থ্য সচেতনদের কথা মাথায় রেখে পরিমিত পরিমাণে এটি খাওয়া যেতেই পারে (Recipe)।
এই রেসিপিটি বাড়িতে ট্রাই করা অত্যন্ত সহজ। দেখে নিন কী কী উপকরণ লাগবে এবং কীভাবে বানাবেন।
- প্রয়োজনীয় উপকরণ:
কাঠবাদাম: ১ কাপ
চিনি: আধ কাপ
জল: ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স: ১ চা-চামচ
দারচিনি গুঁড়ো: আধ চা-চামচ
বাদাম রোস্ট: প্রথমে শুকনো খোলায় বা মাইক্রোওয়েভে কাঠবাদাম রোস্ট করে নিন। মাইক্রোওয়েভ প্রিহিট করে আড়াই মিনিট রোস্ট করলেই বাদামগুলো দারুণ মুচমুচে হয়ে যাবে।
সিরাপ তৈরি: এবার একটি কড়াইয়ে চিনি ও জল একসঙ্গে মিশিয়ে ফোটাতে থাকুন। কিছুক্ষণ পর চিনির মিশ্রণটি ঘন হতে শুরু করবে এবং বাদামি রং ধারণ করবে।
উপকরণ মেশানো: চিনি ঠিকঠাক ক্যারামেলাইজড হলে তার মধ্যে রোস্ট করা কাঠবাদাম, ভ্যানিলা এসেন্স এবং দারচিনি গুঁড়ো দিয়ে দিন।
নাড়তে থাকা: মাঝারি আঁচে বাদাম সমেত মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনির রস সম্পূর্ণ শুকিয়ে বাদামের গায়ে ক্রাঞ্চি ও সুস্বাদু আস্তরণ তৈরি হয়ে গিয়েছে।
- সংরক্ষণের উপায়:
কড়াই থেকে নামিয়ে মিশ্রণটি একটি টিস্যু পেপারের ওপর ছড়িয়ে ভালো করে ঠান্ডা করে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে মুচমুচে হলে একটি কাচের বয়াম বা বায়ুরোধী কৌটোয় ভরে সংরক্ষণ করুন। ব্যস, কাজের ফাঁকে মিষ্টি মুখের খিদে মেটাতে এটি একদম পারফেক্ট!

