উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: স্বাস্থ্যসচেতন মানেই কি মিষ্টি খাওয়ার সমস্ত ইচ্ছে বিসর্জন দেওয়া? পুষ্টিবিদদের মতে, একদমই নয়। বরং কোন উপাদানে মিষ্টি তৈরি হচ্ছে, নজর রাখতে হবে সেদিকেই। ওজন নিয়ন্ত্রণ ও শরীর ফিট রাখতে অনেকেই খাদ্যতালিকায় রাখেন সবুজ মুগ ডাল। প্রোটিন ও ফাইবারে ভরপুর এই ডাল দিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলা সম্ভব সুস্বাদু লাড্ডু (Recipe)।
সাধারণ লাড্ডুর মতো এতে অতিরিক্ত চিনি বা গুড়ের বালাই নেই। মিষ্টির স্বাদ আনতে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক উপাদান নরম খেজুর। ফলে যারা ডায়েটে আছেন, তাঁরাও এটি খেতে পারেন নিঃসঙ্কোচে। চলুন জেনে নেওয়া যাক ঝটপট এই স্বাস্থ্যকর লাড্ডু তৈরির সহজ প্রণালী।
উপকরণ:
১ কাপ গোটা সবুজ মুগ ডাল, ১ কাপ বীজ ছাড়ানো নরম খেজুর, অর্ধেক কাপ কুচি করা আমন্ড ও আখরোট, অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো এবং ২ চা-চামচ দেশি ঘি।
প্রণালী:
প্রথমে একটি ভারী কড়াইতে সবুজ মুগ ডাল হালকা আঁচে ১০-১২ মিনিট শুকনো খোলায় ভেজে নিন। সুগন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে মিহি গুঁড়ো করে রাখুন। অন্য একটি পাত্রে বীজ ছাড়ানো খেজুর পেস্ট করে নিন। (খেজুর শক্ত হলে সামান্য গরম জলে ভিজিয়ে নিতে পারেন)। এবার কড়াইতে ঘি গরম করে বাদাম কুচি ভেজে নিন। তাতে মুগ ডালের গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে নাড়ুন। এরপর খেজুরের পেস্ট দিয়ে আঁচ বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মাখিয়ে ছোট ছোট গোল লাড্ডুর আকার দিয়ে দিন।পুষ্টিগুণে ভরপুর এই লাড্ডু খেলে যেমন মুখের স্বাদ বদলাবে, তেমনই মিলবে চটজলদি এনার্জি।

