উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাদোদরার মাঠে রবিবার কিউয়ি বধের মহাকাব্য লিখল ভারত। বিরাট কোহলির রেকর্ড গড়া ইনিংস আর কেএল রাহুলের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেন ইন ব্লু। শতরান হাতছাড়া করলেও এদিন শচীন তেন্ডুলকরের এক বিরাট রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ‘কিং কোহলি’।
এদিন ব্যক্তিগত ৯৩ রানে আউট হয়ে ৮৫তম আন্তর্জাতিক শতরান মিস করেন বিরাট কোহলি। তবে আউট হওয়ার আগেই ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নেন তিনি। শচীন তেন্ডুলকরকে টপকে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৮,০০০ আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট। কোহলির লাগল ৬২৪টি ইনিংস, যা শচীনের চেয়ে ২০টি ইনিংস কম।
নিউজিল্যান্ডের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে শুরুটা দারুণ করেন শুভমন গিল (৫৬) এবং শ্রেয়াস আইয়ার (৪৯)। তবে মাঝপথে বিরাট কোহলি আউট হতেই কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই সময় হাল ধরেন কেএল রাহুল। তাঁর ধৈর্যশীল ২৯* (২১ বল) রানের ইনিংসের সৌজন্যে জয় নিশ্চিত করে ভারত।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে হর্ষিত রানা ও মহম্মদ সিরাজ শুরুতে চেপে ধরলেও পালটা লড়াই শুরু করেন ড্যারিল মিচেল। তাঁর ৮৪ রানের বিধ্বংসী ইনিংস এবং ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসের জোড়া হাফ-সেঞ্চুরির সৌজন্যে তিনশোর গণ্ডি পার করে কিউয়িরা।
