Recipe | মাছের ঝোলে আনুন দারুণ টুইস্ট, ট্রাই করুন ‘ট্যাংরার তেল ঝাল’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির পাতে মাছ মানেই একঘেয়ে রুটিন। সাধারণ ঝোল বা সর্ষে-ঝালের বাইরে ছুটির দিনে একটু অন্য স্বাদের খোঁজ করেন অনেকেই। আর বাজারে গিয়ে যদি টাটকা ট্যাংরা মাছ পান, তাহলে এবার বাড়িতেই তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু পোড়া মশলায় ‘ট্যাংরার তেল ঝাল’। নাম শুনেই জিভে জল আনা এই পদটি রান্না করা অত্যন্ত সহজ এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এটি বানিয়ে ফেলা যায় (Recipe)।

প্রয়োজনীয় উপকরণ:

৫০০ গ্রাম ট্যাংরা মাছ

১ চা-চামচ কালোজিরে

আধ টেবিলচামচ শুকনো লংকাবাটা

আধ টেবিলচামচ আদাবাটা

৩টি টমেটো

১ টেবিলচামচ হলুদগুঁড়ো

১৫-২০টি রসুনের কোয়া

৬টি কাঁচা লংকা

৩ টেবিলচামচ ধনেপাতাকুচি

স্বাদমতো নুন ও চিনি

পরিমাণমতো সর্ষের তেল

প্রণালী:

প্রথমে ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়ে নুন, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে। এরপর গ্যাসের আঁচে ৩টি টমেটো ভালো করে পুড়িয়ে নিতে হবে। পাশাপাশি, একটি শুকনো কড়াইতে ১৫-২০টি রসুনের কোয়া এবং কাঁচা লংকা ভালো করে সেঁকে তুলে রাখতে হবে। এবার পোড়ানো টমেটো, সেঁকা রসুন ও কাঁচা লংকা একসঙ্গে মিক্সিতে বেটে একটি পেস্ট তৈরি করে নিতে হবে।

মাছ ভাজার তেলেই কালোজিরে ও কাঁচা লংকা ফোড়ন দিয়ে একে একে আদা ও শুকনো লংকা বাটা, হলুদ গুঁড়ো এবং আগে থেকে বেটে রাখা পোড়া মশলার পেস্টটি কড়াইতে ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণমতো সামান্য জল মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলি এর মধ্যে ছেড়ে দিন। এবার মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন যাতে গ্রেভি ঘন হয়ে আসে। নামানোর আগে উপর থেকে কাঁচা সর্ষের তেল এবং ধনেপাতাকুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ভিন্ন স্বাদের ট্যাংরার তেল ঝাল পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *