Raiganj | ফোঁটার ছোঁয়ায় সুরক্ষার অঙ্গীকার, বোনের কপালে মঙ্গলটিকা 

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: ভাইয়ের মঙ্গলকামনায় বোনের হাতে নয়, বরং বোনের সুরক্ষা ও দীর্ঘায়ু কামনায় ভাইয়ের হাতেই উঠল চন্দনের থালা। প্রচলিত প্রথার চেনা ছবিটা বদলে গেল। ভাইয়ের কপালে বোনের ফোঁটার বদলে এ বার বোনের কপালে (Bon phota) ভাইয়ের মঙ্গলটিকা। সঙ্গে নারী সুরক্ষার শপথ। রায়গঞ্জ (Raiganj) রেলস্টেশন চত্বরে এমনই ব্যতিক্রমী আয়োজন ঘিরে তৈরি হল এক অন্যরকম আবহ। সোমবার সন্ধ্যায় কারুচর্চা হাটের উদ্যোগে পঞ্চপ্রদীপের আলোয় আয়োজিত হয় বোনফোঁটা। সেখানে দিদি-বোনেদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন দাদা ও ভাইয়েরা। শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রত্যেকের অঙ্গীকার, মহিলাদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়। বিপদে-আপদে তাঁদের পাশে দাঁড়ানোর দায়িত্বও নিতে হবে।

অনুষ্ঠানের উদ্যোক্তা মৌসুমি দাঁ বলেন, ‘বোনেরা নিরাপদে থাকুন, নিজের পায়ে দাঁড়ান, স্বনির্ভর হয়ে উঠুন। এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের পাশে থাকার শপথ নিয়েছি।’ তিনি আরও জানান, কারুচর্চা হাটের মাধ্যমে মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের প্রথম পর্বের সদস্যদের নিয়েই এই আয়োজন। মালদায় আগে থেকেই বোনফোঁটার প্রচলন থাকলেও রায়গঞ্জে এই ভাবনায় নতুন করে উদ্যোগী হয়েছেন তাঁরা।

অবসরপ্রাপ্ত কর্মী রানি সেনের কথায়, ‘বোনেদের সুরক্ষায় সকলের এই শপথ আমাকে গর্বিত করেছে। এমন সামাজিক বন্ধন গড়ে উঠলে নারী নির্যাতনের ঘটনা একদিন বন্ধ হবেই। এমন উদ্যোগ নারী সুরক্ষার পাশাপাশি সামাজিক বন্ধনও মজবুত করবে।’ অনিন্দিতা চক্রবর্তীও এই আয়োজনে শামিল হতে পেরে খুশি। আসলে কপালে এক ফোঁটা চন্দন মাখিয়ে দায়িত্ব শেষ হয় না। সেই দায়িত্ব প্রতিদিনের আচরণে পালন করাই আসল কথা। রায়গঞ্জের বোনফোঁটা তাই নিছক উৎসব নয়, নারীকে সম্মান ও নিরাপত্তা দেওয়ার এক সামাজিক অঙ্গীকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *