উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ধর্মতলার মিছিলে অশান্তি এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া অবস্থান নিল রাজ্য সরকার। এই ঘটনায় সরাসরি বাম ও অতিবাম সংগঠনগুলিকে নিশানা করে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং।
রবিবার পানিহাটি বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজোয় উপস্থিত হয়েছিলেন অর্জুন সিং। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুক্রবারের গোলমালের প্রসঙ্গ টেনে সিপিএমকে আক্রমণ করেন তিনি। উল্লেখ্য, দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, মিছিলের শেষে ‘বহিরাগত’রা ঢুকে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সাংবাদিক ও পুলিশকে নিগ্রহ করে। এই ঘটনার নেপথ্যে বামপন্থী ছাত্র সংগঠনগুলির ইন্ধন রয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও এসএফআই বা ডিএসও-র মতো সংগঠনগুলি সেই দায় অস্বীকার করেছে। ধর্মতলার ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
এই প্রেক্ষাপটেই বামেদের উদ্দেশে অর্জুন সিং বলেন, ‘‘সিপিএম ভেবেছে, ওদের অত্যাচার আমরা ভুলে গিয়েছি। এটা ভাবার কোনও কারণ নেই। ওরা দেশবিরোধী কার্যকলাপ করে আগুন ধরাচ্ছে তো। আবার মাঠে নামুক না, আমরা সব বুঝিয়ে দেব। ওই কয়েকজন অতিবাম আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা তো বলেছিলেন, ৩১ মার্চের মধ্যে সমস্ত মাওবাদীদের শেষ করা হবে। সিপিএমেও যতজন ওরকম আছে, তারা যে ভাষায় কথা বোঝে, সেই ভাষাতেই বুঝিয়ে দেব।”

