শিলিগুড়ি: রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতা কাটাতে এবার সরাসরি ময়দানে নামলেন রাজ্যপাল। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে (College of North Bengal) কেন্দ্রবিন্দু করে আয়োজিত এক হাই-প্রোফাইল বৈঠকে রাজ্যের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (VC) সঙ্গে মুখোমুখি বসেন রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। পাহাড় ও সমতলের শিক্ষা পরিকাঠামোর হাল হকিকত জানতেই রাজভবনের এই বিশেষ তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যপাল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর স্থায়ী পদের অভাব কীভাবে পঠনপাঠনকে ব্যাহত করছে, সেই খতিয়ান সরাসরি উপাচার্যদের কাছ থেকে জানতে চান তিনি।
বৈঠক শেষে রাজ্যপাল নিজে মুখ না খুললেও, উপস্থিত উপাচার্যদের চোখে-মুখে ছিল স্বস্তির ছাপ। তাঁদের মতে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিনের বৈঠকের সবচেয়ে বড় ‘অ্যাকশন পয়েন্ট’ ছিল বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন বা কনভোকেশন। দীর্ঘদিন ধরে বহু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা ডিগ্রি পেলেও সমাবর্তন উৎসব আটকে রয়েছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ‘বকেয়া থাকা সমাবর্তন অনুষ্ঠানগুলি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের পাশাপাশি রাজ্যপালের কাছে একগুচ্ছ দাবিদাওয়াও পেশ করেন উপাচার্যরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, বিভিন্ন থমকে থাকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অনুদান এবং প্রকল্প যাতে দ্রুত ক্যাম্পাসগুলিতে কার্যকর করা যায়, সেই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

