উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিসি বা চিয়া বীজের মতো বর্তমানে স্বাস্থ্যসচেতনদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে কুমড়োর বীজ। ভিটামিন এ, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বীজ শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়ম না মেনে এই বীজ খেলে উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে। বিশেষ করে ওজন ঝরানোর ডায়েটে কুমড়োর বীজ (Pumpkin Seeds) রাখার সময় এই পাঁচটি ভুল এড়িয়ে চলা জরুরি।
অতিরিক্ত তাপে ভাজা
অনেকেই মচমচে করতে বীজগুলো কড়াইয়ে অনেকক্ষণ ভাজেন। অতিরিক্ত তাপে বীজের স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন নষ্ট হয়ে যায়। তাই হালকা আঁচে মাত্র ২-৩ মিনিট নাড়াচাড়া করাই যথেষ্ট।
লবণযুক্ত প্যাকেটজাত বীজ
বাজারচলতি অনেক প্যাকেটে অতিরিক্ত নুন মেশানো থাকে, যা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাই কেনার আগে সেটি লবণমুক্ত কি না যাচাই করে নিন।
পর্যাপ্ত জল না খাওয়া
কুমড়োর বীজে প্রচুর ফাইবার থাকে। এই ফাইবার হজম করতে এবং কোষ্ঠকাঠিন্য এড়াতে বীজ খাওয়ার পর পর্যাপ্ত জল খাওয়া জরুরি।
ক্যালোরির হিসেব না রাখা
কুমড়োর বীজে স্বাস্থ্যকর ফ্যাট থাকলেও এতে ক্যালোরির পরিমাণ বেশ বেশি। ওজন কমাতে চাইলে সারাদিনের মোট ক্যালোরির হিসাব রেখে এটি খাওয়া উচিত, অন্যথায় ওজন কমার বদলে বেড়ে যেতে পারে।
মাত্রারিক্ত সেবন
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক দিনে ২৮-৩০ গ্রাম কুমড়োর বীজ খেতে পারেন। অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে। লিভার বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।
