ফালাকাটা: সাতসকালে জোড়া বাইসনের তাণ্ডবে (Bison assault) ব্যাপক আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার-১ ব্লকের (Alipurduar) পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বাইসন দুটি গ্রামে ঢুকে পড়ে। ভয়ে মাঠের কাজ বন্ধ করে দেন এলাকার কৃষকরা। বাইসনের হানায় বুনা মুন্ডা নামে এক প্রবীণ বাসিন্দা জখম হয়েছেন।
জানা গিয়েছে, ওই গ্রামের নিরল রায়ের বাড়িতে ঢুকেও তাণ্ডব চালায় বাইসন। ভেঙে দিয়েছে টিনের বেড়াও। রাস্তায় এক বাইক আরোহীকেও আক্রমণের চেষ্টা করে বাইসন। কিন্তু তিনি বাইক ছেড়ে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। তবে বাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বন দপ্তরের কর্মীরা। জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী জানান, এলাকায় বনকর্মীরা নজরদারির দায়িত্বে আছেন। বাইসন দু’টিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।
