উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of I&B) বুধবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) নতুন কমিটির তালিকা প্রকাশ্যে এনেছে। সিনেমাটোগ্রাফ আইনের বিধান মেনেই এই বোর্ডকে পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর কিংবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই প্যানেলের সদস্যরা সেন্সরের (Censor Board) সমস্ত গুরুদায়িত্ব পালন করবেন এবং তাঁদের সিদ্ধান্তই ছবির সার্টিফিকেশনের ক্ষেত্রে চূড়ান্ত হবে। ১৮ সদস্যের এই নতুন বোর্ডে জাতীয় স্তরের খ্যাতনামা তারকাদের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র জগতের পরিচিত মুখেরা স্থান পেয়েছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন এই কমিটিতে জায়গা পেয়েছেন প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, রূপালি গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী, পঙ্কজ ত্রিপাঠী এবং বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । গত মে মাসেই পদ্ম সম্মানে ভূষিত হওয়া এই টলিউড সুপারস্টার প্রসেনজিতের দীর্ঘ চার দশকের বর্ণময় চলচ্চিত্র যাত্রাকে সম্মান জানিয়েই এই অন্তর্ভুক্তি। বাংলা ছবির চরম সংকটের দিনে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কমার্শিয়াল সিনেমাকে গ্রামবাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নেপথ্যে তাঁর অবদান অবিস্মরণীয়। সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করে তিনি এক অভিভাবকের মতো টলিউডকে এগিয়ে নিয়ে চলেছেন।
এছাড়াও এই প্যানেলে বিনোদ অনুপম, মনোজ যোশী, অভিষেক জৈন, রিকি কেজ, প্রিয়দর্শন, হংসরাজ হংস, সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা, যতীন্দ্র মিশ্র, নীলা মাধব পাণ্ডা, নিশিগন্ধা ওয়াড, বামন কেন্দ্র এবং রমেশ পাতাঙ্গের মতো বিশিষ্টজনেরা অন্তর্ভুক্ত হয়েছেন। সামগ্রিকভাবে সিনেমা, টেলিভিশন, সঙ্গীত এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ব্যক্তিত্বদের নিয়ে সাজানো হয়েছে সেন্সর বোর্ডের এই নতুন কমিটি।

