উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক অস্থিরতার মোকাবিলায় কড়া পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনীতিকে (Indian Economic system) সুরক্ষিত রাখতে এবং জ্বালানি সাশ্রয়ে (Gas Saving) নিজের কনভয়ের বহর একধাক্কায় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি (PM Narendra Modi Convoy)। একই সঙ্গে কনভয়ে বৈদ্যুতিক যান (EV) ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে (SPG) স্পষ্ট জানানো হয়েছে যে, নিরাপত্তাবিধিতে কোনও আপস না করেই গাড়ির সংখ্যা কমাতে হবে। ইতিমদধ্যেই গুজরাটের ভাদোদরা এবং অসমের গুয়াহাটি সফরে মোদির কনভয়ে এই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে নতুন করে কোনও গাড়ি না কিনে বর্তমানে থাকা পরিকাঠামো দিয়েই এই বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি হায়দরাবাদের এক জনসভায় দেশবাসীকে ‘মিতব্যয়ী’ হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী (Austerity)। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করতেই এই পদক্ষেপ। সাধারণ মানুষকে আগামী এক বছর সোনা কেনা এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি মেট্রো রেল ব্যবহার, কার-পুলিং এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ (WFH) করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদির এই সাশ্রয়ী নীতি অনুসরণ করতে শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। কেন্দ্রীয় মন্ত্রী সি.আর পাটিল ইতিমধ্যেই এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করেছেন। মধ্যপ্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও নিজেদের কনভয় ছোট করার পথে হাঁটছেন। সব মিলিয়ে, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে যাতে ভারতীয় অর্থনীতিতে বড়সড়ো ধাক্কা না লাগে, তার জন্য প্রশাসনিক স্তর থেকে ব্যক্তিগত স্তর পর্যন্ত সাশ্রয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
