উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বুধবার থেকে বিধানসভায় (West Bengal Meeting) শুরু হবে বিধায়কদের শপথগ্রহণ (MLA Oath Ceremony)। আজ এবং আগামীকাল এই শপথগ্রহণ চলবে। বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায় (Protem Speaker Tapas Roy)। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বিধানসভায় পা রাখবেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রথা মেনে তাঁকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হবে।
সূত্রের খবর, এদিন বেলা ১১টায় প্রথমে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক (Bhabanipur MLA) হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে তিনি নিজের নির্দিষ্ট কক্ষে বিশেষ পুজোয় অংশ নেবেন। মুখ্যমন্ত্রীর শপথের পর একে একে নতুন বিধায়করা শপথ নেবেন। বুধবার প্রথম ভাগে উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা বিধায়ক পদে শপথগ্রহণ করবেন। নদিয়া ও দুই ২৪ পরগনার বিধায়করা শপথ নেবেন দ্বিতীয় ভাগে। বৃহস্পতিবার প্রথম ভাগে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা শপথ নেবেন। দ্বিতীয় ভাগে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের জয়ী প্রার্থীরা। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হওয়ায় এবং তাপস রায় আগেই শপথ নেওয়ায়, এই দফায় মোট ২৯০ জন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার লোকভবনে রাজ্যপাল আরএন রবি প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়কে শপথবাক্য পাঠ করান। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকের মতো নেতৃত্বরা। বিধানসভার পরবর্তী স্পিকার হিসেবেও তাপস রায়ের নাম জোরালোভাবে উঠে আসছে। সেক্ষেত্রে পুরোনো রীতি মেনে পদত্যাগের পর তিনি ফের পূর্ণকালীন স্পিকার নির্বাচিত হতে পারেন।
