উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার চাদরে মোড়া কর্তব্যপথে (Kartavya Path) উদযাপিত হলো ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবস (Republic Day 2026)। সোমবার সকালে বর্ণময় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসী দেখল ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উন্নয়নের খণ্ডচিত্র। তবে এ বছরের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) এক নতুন অবতার— যেখানে তাঁকে বিদেশি অতিথিদের কাছে ভারতের গৌরবগাথা বর্ণনা করতে দেখা যায়।
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিয়ো লুই সান্তোস ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। নীল-সাদা কুর্তা-পাজামা ও উজ্জ্বল লাল পাগড়িতে সজ্জিত প্রধানমন্ত্রী মোদিকে পুরো অনুষ্ঠান জুড়ে এই ইউরোপীয় নেতাদের পাশে বসে ধারাভাষ্য দিতে দেখা যায়। ভারতের সামরিক ও সাংস্কৃতিক গুরুত্ব তিনি নিজ মুখে তাঁদের বুঝিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুদ্ধস্মারকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) জাতীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজে শক্তির প্রদর্শন করে ভারতীয় সেনাবাহিনী। টি-৯০ ভীষ্ম, অর্জুন ট্যাঙ্ক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং সূর্যাস্ত্র রকেট লঞ্চার সিস্টেম ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে তুলে ধরে। বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় বায়ুসেনার ফ্লাইপাস্ট। গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নেওয়া রাফাল, মিগ-২৯ এবং সুখোই-৩০ যুদ্ধবিমানগুলি তেরঙা পতাকা নিয়ে দিল্লির আকাশে রণসজ্জা প্রদর্শন করে।
এবারের সাধারণতন্ত্র দিবসে সংস্কৃতি মন্ত্রকের ট্যাবলোর থিম ছিল ‘বন্দে মাতরমের ১৫০ বছর’। প্রতিটি রাজ্যের ট্যাবলোর পাশাপাশি নজর কেড়েছে পশ্চিমবঙ্গের ট্যাবলো, যেখানে তুলে ধরা হয়েছে বাংলার বীর স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের ইতিহাস।
অনুষ্ঠান শেষে ২৭ জানুয়ারি ভারত-ইইউ সম্মেলনে যোগ দেবেন ইউরোপীয় প্রতিনিধিরা। বাণিজ্য চুক্তি ও কৌশলগত অংশীদারি বৃদ্ধিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
