বহরমপুর: মুর্শিদাবাদের রাজনীতিতে ফের একবার কম্পন ধরিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির (Janata Unnayan Get together) চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। দীর্ঘদিনের মৌনতা ভেঙে বুধবার সন্ধ্যায় বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার লক্ষ্যে এক নয়া রণকৌশল প্রকাশ্যে আনলেন। তবে হুমায়ুনের এই পরিকল্পনায় সবচেয়ে বড় চমক হলো কংগ্রেসের প্রতি তাঁর তীব্র অনীহা।
এদিন হুমায়ুন কবীর সরাসরি সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে আহ্বান জানান, আগামী দিনে বামেদের সঙ্গে তাঁর দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত। একইসঙ্গে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ-এর সঙ্গেও আঁতাত গড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের মতো জেলায়, যা দীর্ঘকাল অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত, সেখানে কংগ্রেসকে বাতিলের খাতায় রেখে হুমায়ুনের এই ‘বাম-আইএসএফ’ সমীকরণ নয়া রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন সম্ভবত মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে এক ছাতার তলায় এনে তৃণমূলকে ধাক্কা দিতে চাইছেন। আর সেই কারণেই বাম এবং আইএসএফ-এর সঙ্গে জোট করার বিষয়ে তিনি বেশি আগ্রহী। তবে কংগ্রেসকে কেন তিনি এই সমীকরণ থেকে দূরে রাখলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হুমায়ুনের এই ‘বিস্ফোরক’ বার্তার পর এখন মহম্মদ সেলিম বা নওশাদ সিদ্দিকীরা কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
