PM Narendra Modi | ‘অসামান্য সাহসিকতার পরিচয়’, ফ্লাইদুবাই বিমান কাণ্ডে ‘হিরো’ ভারতীয় পাইলটের প্রশংসায় পঞ্চমুখ মোদি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফ্লাইদুবাই বিমান কাণ্ডে (Flydubai Flight case) শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। আর ওই বিমানের পাইলট ছিলেন এক ভারতীয় (Indian Pilot)। মাঝ আকাশে দুবাই থেকে তেল আভিভগামী এই বিমানটির সহকারী পাইলট ককপিটেই তাঁর উপর আক্রমণ চালান বলে অভিযোগ। ভারতীয় ওই পাইলটকে ছুরিকাঘাত করে বিমানের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। তবে মারাত্মক জখম অবস্থাতেও বিমানে থাকা ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচাতে চরম সাহসিকতার পরিচয় দেন তিনি। আর এবার সেই ভারতীয় পাইলটের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এমনকি তাঁকে ‘হিরো’ বলেও অভিহিত করেছেন।

জানা গিয়েছে, ওই ভারতীয় পাইলটের নাম ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Captain Smit Machchhar)। তাঁরই প্রশংসায় এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন হিরো।’ তিনি আরও লেখেন, ‘চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অসামান্য সাহসিকতা ও অন্যদের জীবন রক্ষার ক্ষেত্রে অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শতশত মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে ভারত গর্বিত। তাঁর দ্রুত আরোগ্য, নতুন শক্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’ পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এই সাহসী পাইলটের ভূয়সী প্রশংসা করেছেন।

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘পাইলটের অবস্থা খুবই খারাপ ছিল; আমার ধারণা এখনও তাঁর অবস্থা খুব খারাপ, কিন্তু তাঁর উপস্থিত বুদ্ধি ছিল। এক অর্থে তিনি একজন হিরো।’ নেতানিয়াহুও এই ঘটনাটিকে অত্যন্ত গুরুতর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, মূল ঘটনাটি ঘটে যখন ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলট হঠাতই ক্যাপ্টেন মচ্ছরকে ছুরি দিয়ে আঘাত করেন। হামলার ফলে বিমানটি মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৪,০০০ ফুট নীচে নেমে আসে। ককপিটের ভেতরে গুরুতর জখম ও রক্তে ভেসে যাওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছর ইমার্জেন্সি সুইচ টিপে দরজা খোলার ব্যবস্থা করেন। এরপরেই বিমানে থাকা যাত্রীরা এবং অন্যান্য ক্রুরা হামলাকারীকে পাইলটকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।একইসঙ্গে বিমানে উপস্থিত থাকা অন্য দুই পাইলট দ্রুত পরিস্থিতি সামলে নেন এবং বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

মুম্বইয়ের নিবাসী ক্যাপ্টেন স্মিত মচ্ছর অতীতে প্রায় ১১ বছর স্পাইসজেটে কাজ করার পর ২০২২ সালে ফ্লাইদুবাইতে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস। ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ও সৌদি প্রশাসন ঘটনার নেপথ্যের আসল কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে কোনও ধরনের আগাম অনুমান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *