Sikkim | নির্মীয়মাণ টানেলে ধসের জেরে বিষাক্ত গ্যাস লিক! সিকিমে মৃত্যু ৮ শ্রমিকের, এখনও আটকে অনেকে

Sikkim | নির্মীয়মাণ টানেলে ধসের জেরে বিষাক্ত গ্যাস লিক! সিকিমে মৃত্যু ৮ শ্রমিকের, এখনও আটকে অনেকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে বড়সড়ো বিপর্যয় (Sikkim)। ধসের জেরে টানেলের (Landslide) ভেতরে গ্যাস লিক (Gasoline Leak) হওয়ার ঘটনায় উদ্ধার করা হল অন্তত আটজন শ্রমিকের দেহ। ঘটনাটি ঘটেছে নামচির সামারদুং এলাকার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে (Samardung tunnel accident)।

জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। প্যাটেল ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাধ্যমে সুড়ঙ্গের এই অংশটির নির্মাণ কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, টানেলের ভেতর থেকে হঠাৎই বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে ধস নেমে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এরপরেই সেখানে বিষাক্ত মিথেন গ্যাস লিক হতে শুরু করে, যা উদ্ধারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এখনও পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, ১৮ জনের বেশি শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিকিম পুলিশ এবং দমকলের একাধিক দল। নামচি জেলার জেলাশাসক অনুপ তামাং জানিয়েছেন, পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে প্রাথমিক পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম ছাড়াই সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করলে উদ্ধারকারী দলের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের মাথা ঘোরার উপক্রম হয়। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে বিশেষ সুরক্ষা সরঞ্জাম নিয়ে এনডিআরএফের দ্বিতীয় দল সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে এবং উদ্ধারকাজ শুরু করে। উচ্চমাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি এবং অন্ধকারের কারণে ভেতরে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। তবে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে জোরকদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে দ্রুত ত্রাণ সামগ্রী ও অ্যাম্বুল্যান্স পৌঁছাতে পারে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনাই এখন প্রধান অগ্রাধিকার। তবে সুড়ঙ্গের ভেতরে ঠিক কতজন শ্রমিক আটকে আছেন, তার সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *