উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইজরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ (Knesset) দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে এক জোরালো বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Israel Go to)। বুধবার তাঁর ঐতিহাসিক ভাষণে মোদি স্পষ্ট ভাষায় জানান, সন্ত্রাসবাদকে সমর্থন করার কোনো যুক্তি বা অজুহাত এই পৃথিবীতে থাকতে পারে না। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাসের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে ভারত দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইজরায়েল পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন নেসেটে তাঁকে অভূতপূর্ব সংবর্ধনা দেওয়া হয়। ভাষণের শুরুতেই মোদি বলেন, “আমি ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে সেইসব পরিবারের প্রতি গভীর সমবেদনা নিয়ে এসেছি, যারা ৭ অক্টোবরের ভয়াবহ হামলায় নিজেদের প্রিয়জনদের হারিয়েছে। আমরা আপনাদের যন্ত্রণা অনুভব করি। ভারত কেবল বর্তমান সময়েই নয়, ভবিষ্যতেও ইজরায়েলের পাশে অটল থাকবে।”
মুম্বইয়ের ২৬/১১ হামলার প্রসঙ্গ টেনে মোদি বলেন, ভারত দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের দহন সহ্য করছে। সন্ত্রাসবাদ কেবল সমাজকে অস্থিতিশীল করে না, বরং উন্নয়নকে স্তব্ধ করে এবং পারস্পরিক বিশ্বাস নষ্ট করে। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি অত্যন্ত স্পষ্ট— জিরো টলারেন্স। এখানে কোনো দ্বিমুখী আচরণের জায়গা নেই।”
এদিন গাজায় শান্তি ফেরানোর উদ্যোগকে সমর্থন জানিয়ে মোদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দেন। তিনি বলেন, শান্তির পথ সব সময় সহজ হয় না, তবে ভারত বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যে কোনো সংলাপে অংশ নিতে প্রস্তুত।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদিকে ‘এক মহান নেতা’ এবং ‘ইজরায়েলের অকৃত্রিম বন্ধু’ হিসেবে বর্ণনা করেন। নেতানিয়াহু বলেন, ভারত ও ইজরায়েল চরমপন্থার বিরুদ্ধে একটি ‘লৌহ জোট’ (Iron Alliance) গড়ে তুলবে। নেসেটের স্পিকার আমির ওহানা-ও মোদির এই সফরকে দুই দেশের ভ্রাতৃত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন। প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করেছিলেন মোদি। ৯ বছর পর তাঁর এই দ্বিতীয় সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গেল।
