শিলিগুড়ি: শহর সংলগ্ন এলাকায় ফের একবার বনদপ্তরের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত শালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার বেআইনি সেগুন কাঠ ও আসবাবপত্র (Unlawful Teak Timber Seized) উদ্ধার করল দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের (Darjeeling Wildlife Division) সুকনা রেঞ্জের (Sukna Vary) কর্মীরা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রাসাইলির কাছে সুনির্দিষ্ট খবর ছিল যে শালবাড়ির কিছু বাড়িতে অবৈধভাবে কাঠ মজুত করে আসবাব তৈরির কাজ চলছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার শালবাড়ির বাসিন্দা মানিক বিশ্বাস ও ভজন রায়ের বাড়িতে আচমকা হানা দেয় বনকর্মীরা। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ ও দামী আসবাবপত্র। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
অভিযানে উদ্ধার হওয়া সমস্ত অবৈধ কাঠ ও আসবাবপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কাঠগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা জানতে অভিযুক্ত মানিক বিশ্বাস ও ভজন রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বনদপ্তর। রেঞ্জ অফিসার দীপক রাসাইলি জানিয়েছেন, বনের মূল্যবান সম্পদ চুরি ও পাচার রুখতে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনেও জারি থাকবে। ঘটনায় বন আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
