অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: এনুমারেশন ফর্মে একাধিক ভুল থাকার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ সামাল দিতে গিয়ে হেনস্তার শিকার হলেন কালিয়াগঞ্জ (Kaliyaganj) ব্লক তৃণমূল (TMC) সভাপতি নিতাই বৈশ্য। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতারাই। তাঁদের উপস্থিতিতে দলের ব্লক সভাপতির হেনস্তার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে। যদিও নিতাই বৈশ্যর দাবি, অভিযুক্তরা তাঁর দলের লোক নন।
এসআইআর-এর এনুমারেশন ফর্মে মুদ্রণ প্রমাদজনিত একাধিক ভুল ধরা পড়ায় আতঙ্কে ভুগছিলেন মালগাঁও অঞ্চলের বহু মানুষ। বুধবার সকাল ৯টা নাগাদ সমস্যা সমাধানের দাবিতে গ্রামবাসীরা কালিয়াগঞ্জ-দুর্গাপুর সড়কের চৌমাথা মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই বিক্ষোভে অংশ নিতে দেখা যায় এলাকার কয়েকজন তৃণমূল নেতৃত্বকেও।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশবাহিনী নিয়ে পৌঁছান কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎবরণ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। দীর্ঘ টানাপোড়েনের পর বিডিওর আশ্বাসে দুপুর আড়াইটে নাগাদ গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। কিন্তু বিক্ষোভ চলাকালীন এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়েন নিতাই বৈশ্য। জনতার রোষে তিনি হেনস্তার শিকার হন বলে অভিযোগ। ঘটনার পর নিতাই বৈশ্য বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলছিলাম। ওরা হয়তো ওই পরিস্থিতিতে ব্যাপারটা বুঝতে পারেনি। হয়তো আমার কথা ভালো লাগেনি।’
নিজ দলের লোকের হাতেই তিনি নিগৃহীত হয়েছেন কি না, এই প্রশ্নে নিতাইয়ের সাফাই, ‘বিক্ষোভে তৃণমূল বা বিজেপি বলে কিছু ছিল না। এই এলাকায় কংগ্রেসও তো অনেক ভোট পায়।’
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মালগাঁও অঞ্চলের প্রায় সাতটি বুথের মানুষ এনুমারেশন ফর্মে বিধানসভা রায়গঞ্জের নাম উল্লেখ থাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছিলেন। অঞ্চলের জেবি জুনিয়ার স্কুলের ১৭৯ নম্বর বুথে অধিকাংশ ভোটারের মহকুমার নাম পরিবর্তন হয়ে যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।
বিক্ষোভকারীদের অন্যতম তৃণমূল নেতা আবদুল সাত্তার বলেন, ‘এনুমারেশন ফর্মে কোথাও নামের ভুল, কোথাও থানার নাম ভুল, কোথাও পিন কোড বা গ্রামের নাম ভুল রয়েছে। এই অঞ্চলের প্রায় সাড়ে চার হাজার মানুষ এই ভুলের শিকার।’
অঞ্চলের তৃণমূল কমিটির সহ সভাপতি মতি চৌধুরী জানান, ‘সাতটি বুথের মানুষ আজ বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হয়েছিলেন। বিডিও ঘটনাস্থলে এসে বিষয়টি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলেছেন। বিকেলে বিডিও তাঁর চেম্বারে আমাদের ডেকেছেন।’
এই প্রসঙ্গে কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎবরণ বিশ্বাস বলেন, ‘কিছু ক্ষেত্রে মহকুমার নাম ভুল ছাপা হয়েছে। আগে কখনও এনুমারেশন ফর্মে এমন প্রিন্ট ভুল হয়নি। তবে এতে ভোটার লিস্ট বা টপশিটে কোনও গণ্ডগোল নেই। এই ভুলের কারণে কারও নাম বাদ পড়বে না।’
